০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩

টিভি দেখানোর কথা বলে বাসায় ডেকে এনে শিশুকে ধর্ষণের চেষ্টা

লক্ষ্মীপুরে এ ঘটনায় কিশোরকে আটক করে পুলিশের হাতে তুলে দেন স্থানীয়রা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 08 Nov 2026, 03:26 PM

Updated : 08 Nov 2026, 03:26 PM

লক্ষ্মীপুরে টেলিভিশন দেখানোর কথা বলে বাসায় ডেকে নিয়ে আট বছর বয়সী এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার রাতে লক্ষ্মীপুর পৌরসভার ১০ নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন লক্ষ্মীপুর সদর মডেল থানার ওসি ওয়াহিদ পারভেজ।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শিশুর পরিবার একটি বাসায় ভাড়া থাকে। পাশের বাসায় ভাড়া থাকত সেই কিশোর। শনিবার রাতে টেলিভিশন দেখানোর কথা বলে শিশুটিকে নিজের ঘরে ডেকে নেয় সে। পরে ঘরের দরজা-জানালা বন্ধ করে দেওয়া হয়।

একপর্যায়ে শিশুটির চিৎকার শুনতে পেয়ে তার মা জানালা দিয়ে ভেতরে তাকিয়ে ঘটনা দেখতে পান। পরে আশপাশের লোকজনকে ডেকে আনলে বিষয়টি জানাজানি হয়। স্থানীয়রা কিশোরকে আটক করে পুলিশে দেন।

এ ঘটনায় শিশুটিকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাসপাতালের চিকিৎসক শামীম আফজাল বলেন, শিশুটিকে হাসপাতালে ভর্তি রেখে পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে।

ওসি ওয়াহিদ পারভেজ বলেন, শিশুটিকে ধর্ষণের অভিযোগে তার পরিবারের পক্ষ থেকে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করা হয়েছে। ওই মামলায় কিশোরকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।