জমিতে ড্রেজারের বালু ফেলতে ‘নিষেধ করায়’ ছাত্রলীগ নেতাকে মারধর
এ ঘটনায় হরিরামপুর থানা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ইউএনও বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী।
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় ড্রেজারের বালু জমিতে ফেলতে নিষেধ করায় এক ছাত্রলীগ নেতাকে মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় দুই ব্যক্তির বিরুদ্ধে।
হরিরামপুর থানার এএসআই শাখাওয়াত হোসেন জানান, মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে হরিরামপুর উপজেলার ধুলশুড়া ইউনিয়ন গঙ্গারামপুর গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় আহত ২৬ বছর বয়সী রবিন হোসেনের বাড়ি ওই গ্রামে। তিনি ধুলশুড়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক।
রবিন হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।
রবিন বলেন, কয়েকদিন ধরে পদ্মানদী থেকে ড্রেজার দিয়ে বালু এনে তার বাড়ির পাশে দারুল উলুম নুরানী মাদ্রাসায় ফেলছিল সজিব হোসেন সুরুজ ও সায়দুর ইসলাম নামের স্থানীয় দুই ব্যক্তি। দুপুরে তার জমিতেও বালু ফেলা হয়।
“এ সময় তাদের বাধা দিলে আমাকে কাঠের বাটাম ও লাঠি দিয়ে মারধর করে সুরুজ ও সাইদুল। এতে কপালসহ আমার শরীরের বিভিন্ন স্থানে জখম হয়।”
এ ছাড়া প্যান্টের পকেটে রাখা নগদ সাত হাজার টাকা এবং গলার এক ভরির স্বর্ণের চেইন তারা ছিনিয়ে নিয়ে যায় বলেও অভিযোগ করেন রবিন।
তিনি জানান, এ ঘটনায় মঙ্গলবার বিকালে দুইজনের বিরুদ্ধে হরিরামপুর থানা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাপসী রাবেয়া ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহরিয়ার রহমান বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।
মারধরের অভিযোগের বিষয়ে জানতে চাইলে সুরুজ রবিনের বিরুদ্ধে পাল্টা অভিযোগ তুলে বলেন, “রবিন মাঝে মাঝে দারুল উলুম নুরানী মাদ্রাসার এক শিক্ষকের সঙ্গে খারাপ আচরণ করে। মঙ্গলবারও সে খারাপ ব্যবহার করলে আমি প্রতিবাদ করি।
“এ সময় রবিন আমাকে গালগাল করে এবং চর-থাপ্পড় দেয়।”
আর ড্রেজার দিয়ে বালু ফেলার বিষয়ে তিনি বলেন, “বালু মাদ্রাসায় ফেলা হচ্ছে।”
তবে এ ঘটনায় কোনো অভিযোগ পাননি বলে হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার দাবি করেছেন। তিনি বলেন, “অভিযোগ এখনও পাইনি। তবে খোঁজ নিচ্ছি।”
আর হরিরামপুর উপজেলা সহকারি কমিশনার ভূমি তাপসী রাবেয়া জানান, ঘটনাটি তিনি শুনেছেন। ব্যবস্থা নেওয়া হবে।
হরিরামপুর থানার এএসআই শাখাওয়াত বলেন, অভিযোগ পেয়েছেন। তদন্ত করে ব্যবস্থা নেবেন।
