২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে ছুরিকাঘাতে কিশোর পোশাক শ্রমিক খুন

পুলিশ জানায়, শুক্রবার সন্ধ্যায় মোবাইলে ফোন পেয়ে বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে বেরিয়ে খুন হয় নয়ন।

নারায়ণগঞ্জে ছুরিকাঘাতে কিশোর পোশাক শ্রমিক খুন

নিহত মো. নয়ন সিকদার।

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2023, 04:38 PM

Updated : 08 Jul 2023, 04:38 PM

নারায়ণগঞ্জ সদরে ছুরিকাঘাতে এক কিশোর পোশাক শ্রমিক খুন হয়েছে।

শুক্রবার রাতে শহরের বোয়ালিয়া খাল এলাকায় এ ঘটনা ঘটে বলে ফতুল্লা মডেল থানার ওসি নুরে আযম জানান।

নিহত ১৬ বছর বয়সী মো. নয়ন সিকদার ওই এলাকার জলিল সিকদারের ছেলে। তিনি স্থানীয় হোসিয়ারি কারখানায় কাজ করতেন।

নিহতের পরিবারের বরাতে ওসি নুরে আযম জানান, শুক্রবার সন্ধ্যায় মোবাইলে ফোন পেয়ে বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে বেরিয়ে যায় নয়ন। রাত ৮টার দিকে স্বজনরা জানতে পারেন তাকে কেউ ছুরিকাঘাত করে বোয়ালিয়া খাল এলাকায় বালুর স্তূপের উপর ফেলে রেখেছে।

পরে ঘটনাস্থল থেকে স্থানীয়দের সহযোগিতায় রক্তাক্ত অবস্থায় নয়নকে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের বাবা জলিল বলেন, “আমি জানি না কে বা কারা কেন আমার ছেলেকে খুন করছে। কিন্তু যারা তারে ফোন দিয়া ডাইকা বাসা থেকে বের করছিল তারা এই ঘটনায় জড়িত থাকতে পারে। আমি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”

Image

নিহতের স্বজনদের আহাজারি।

শনিবার সকালে নয়নের বাড়িতে গেলে তার বড়বোন মোসাম্মৎ যুথি কান্নাজড়িত কণ্ঠে বলেন, “ঘটনার দুই ঘণ্টা আগে ভাইয়ের সঙ্গে কথা হইছে। হাসিমুখে কথা কইছে। আদরের ভাইটা নাই, বিশ্বাস করতে পারতেছি না।”

ছেলেকে হারিয়ে বুক চাপড়ে কাঁদছিলেন মা নাসিমা বেগম। কাঁদতে কাঁদতে তিনি বলেন, “আমার নয়ন, আমারে আর মা বইলা ডাকবো না! আমার বুক যারা খালি করছে তাদের বিচার চাই।”

শনিবার বেলা ২টা পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো মামলা হয়নি। তবে মামলার বিষয়টি প্রক্রিয়াধীন বলে জানান ওসি নুরে আযম।

তিনি বলেন, স্থানীয় কয়েকজনের সঙ্গে নয়নের পুরোনো বিরোধ ছিল। এরই জেরে এই খুনের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। দ্রুত জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।