১৮ নভেম্বর ২০২৬, ০৩ অগ্রহায়ণ ১৪৩৩

পোশাক খাতের সংকট মোকাবিলায় টাস্কফোর্স গঠনের প্রস্তাব বিরোধীদলের

সরকার এককভাবে সংকট সমাধান করতে না পারলে বিরোধীদলকে সঙ্গে নিয়ে কাজ করার আহ্বান জানান শফিকুর রহমান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 18 Nov 2026, 12:12 AM

Updated : 18 Nov 2026, 12:12 AM

তৈরি পোশাক শিল্পে চলমান সংকট নিয়ে জাতীয় সংসদে আলোচনায় এ খাতে জ্বালানি সংকট, ঘুষ-চাঁদাবাজি ও প্রশাসনিক অব্যবস্থাপনার সমালোচনা করে টাস্কফোর্স গঠনের প্রস্তাব করেছেন বিরোধীদলের সদস্যরা।

বিরোধীদলীয় নেতা, জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেন, পোশাক শিল্পের সংকট দীর্ঘায়িত হলে শুধু মালিক ও শ্রমিক নন, ব্যাংক খাতসহ পুরো অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে।

“কারখানার উৎপাদন বন্ধ হলে মালিকরা ব্যাংক ঋণ পরিশোধ করতে পারবেন না। শ্রমিকরা আয় হারাবেন। এতে সামাজিক অস্থিরতাও বাড়তে পারে।”

এ পরিস্থিতিতে সরকারি দল, বিরোধীদল, শিল্প মালিক, শ্রমিক প্রতিনিধি ও কারিগরি বিশেষজ্ঞদের নিয়ে একটি জাতীয় টাস্কফোর্স গঠনের প্রস্তাব দেন শফিকুর রহমান।

পোশাক খাতের সংকট মোকাবিলায় মালিক ও শ্রমিকদের জন্য সরকারি সহায়তার প্রয়োজনীয়তা তুলে ধরে বিরোধীদলীয় নেতা বলেন, প্রতিবেশী দেশেও বেসরকারি শিল্পের শ্রমিকদের সরকার সরাসরি আর্থিক প্রণোদনা দেয়। বাংলাদেশেও শ্রমিকদের সহায়তায় এমন উদ্যোগ বিবেচনার আহ্বান জানান তিনি।

সরকার এককভাবে সংকটের সমাধান করতে না পারলে বিরোধীদলকে সঙ্গে নিয়ে কাজ করার আহ্বান জানান শফিকুর রহমান।

তিনি বলেন, “জাতীয় স্বার্থে একসঙ্গে কাজ করলে মালিক ও শ্রমিকদের মধ্যে আস্থা ফিরবে।”

মঙ্গলবার জাতীয় সংসদে কার্যপ্রণালি বিধির ১৪৭ বিধিতে পোশাক শিল্পের সংকট নিয়ে সাধারণ আলোচনা হয়। পাবনা-১ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মোহাম্মদ নাজিবুর রহমানের আনা প্রস্তাবের ওপর এ আলোচনা হয়।

এসময় সরকারের মন্ত্রীরা শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণ, জ্বালানি সরবরাহ নিশ্চিত করা, উৎপাদন ব্যয় কমানো এবং রপ্তানি বাজার সম্প্রসারণে সরকারের পরিকল্পনা তুলে ধরেন।

সংসদ সদস্য মোহাম্মদ নাজিবুর রহমান বলেন, “পোশাক শিল্পের বর্তমান সংকটকে শুধু শ্রমিক অসন্তোষ হিসেবে দেখার সুযোগ নেই। এর সঙ্গে দেশের রপ্তানি আয়, কর্মসংস্থান, শিল্প উৎপাদন ও অর্থনৈতিক স্থিতিশীলতা জড়িত।

“এ শিল্পে প্রায় ৪০ লাখ শ্রমিক কাজ করেন। প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় ৪ কোটি মানুষের জীবিকা এর সঙ্গে জড়িত। দেশের মোট রপ্তানি আয়ের ৮০ শতাংশের বেশি আসে এ খাত থেকে।”

বিকেএমইএর একটি জরিপের তথ্য তুলে ধরে নাজিবুর রহমান বলেন, অগাস্ট ও সেপ্টেম্বরে জ্বালানি সংকটের কারণে জরিপের আওতায় থাকা ৫৫ শতাংশ নিটওয়্যার কারখানার ক্রেতারা ক্রয়াদেশ কমিয়েছেন বা বাতিল করেছেন। ৭৮ শতাংশ কারখানায় আংশিক উৎপাদন বন্ধ হয়েছে এবং ৮৭ শতাংশ সময়মতো পণ্য পাঠাতে পারেনি। গত ছয় মাসে ১৯ হাজারের বেশি শ্রমিক কাজ হারিয়েছেন।

জ্বালানি সংকট নিয়ে বিরোধীদল আগেই সরকারকে সতর্ক করেছিল মন্তব্য করে তিনি বলেন, “সময়মতো ব্যবস্থা নেওয়া হলে বর্তমান পরিস্থিতি অনেকাংশে এড়ানো সম্ভব হত।

“শুধু ন্যূনতম মজুরি ঘোষণা করলেই সংকটের সমাধান হবে না। কারখানায় গ্যাস-বিদ্যুৎ না থাকলে উৎপাদন হবে না। উৎপাদন না থাকলে আয় হবে না। আয় না থাকলে মালিক বেতন দিতে পারবেন না।”

সংকট মোকাবিলায় সরকার ও বিরোধীদলের সংসদ সদস্য, শিল্পমালিক, শ্রমিক প্রতিনিধি এবং বিশেষজ্ঞদের নিয়ে একটি সংসদীয় বিশেষ টাস্কফোর্স গঠনসহ সাত দফা প্রস্তাব দেন তিনি।

এর মধ্যে আগামী ৩০ দিনের মধ্যে রপ্তানিমুখী শিল্পাঞ্চলে অগ্রাধিকারভিত্তিক গ্যাস-বিদ্যুৎ সরবরাহ, মূলধন সংকটে থাকা কারখানাকে আর্থিক সহায়তা, শ্রমিকদের পাওনা নিশ্চিত করা, দেশীয় প্রযুক্তি ও যন্ত্রাংশ উৎপাদন এবং চাঁদাবাজি বন্ধের দাবি রয়েছে।

পাশাপাশি জ্বালানি সরবরাহ, উৎপাদন, ক্রয়াদেশ, কারখানা বন্ধ ও কর্মসংস্থানের তথ্য নিয়ে প্রতি মাসে একটি জাতীয় ড্যাশবোর্ড প্রকাশের প্রস্তাব দেন তিনি।

স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের প্রস্তুতির জন্য অতিরিক্ত তিন বছরের সুযোগ কাজে লাগিয়ে নতুন বাজার তৈরি ও রপ্তানি সক্ষমতা বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করেন নাজিবুর রহমান।

আলোচনা শেষে ডেপুটি স্পিকার কায়সার কামাল বলেন, প্রস্তাবটির উদ্দেশ্য ছিল সাধারণ আলোচনা। এতে সংসদের সিদ্ধান্ত নেওয়ার কোনো বিষয় না থাকায় তা ভোটে দেওয়া হয়নি।