২৪ নভেম্বর ২০২৬, ০৯ অগ্রহায়ণ ১৪৩৩

ন্যূনতম মজুরি ১৫ হাজার ৭০০ টাকা দিতে চায় মালিক পক্ষ

সোমবারও সভা হয়, তবে মালিকপক্ষ ও শ্রমিকপক্ষের প্রস্তাবে ব্যবধান বেশি থাকায় সেদিন আলোচনা অসমাপ্ত থেকে যায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 24 Nov 2026, 05:15 PM

Updated : 24 Nov 2026, 05:15 PM

তৈরি পোশাকশিল্পে নিয়োজিত শ্রমিক ও কর্মচারীদের ন্যূনতম মজুরি ১৫হাজার ৭০০ টাকা নির্ধারণের সুপারিশ করেছে মালিক পক্ষ।

মঙ্গলবার দুপুর ২টায় ঢাকার সেগুনবাগিচায় বোর্ডের সভাকক্ষে এ বৈঠক হয়। এতে সভাপতিত্ব করেন বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী।

গার্মেন্টসশিল্পের শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধিদের জমা দেওয়া লিখিত মজুরি প্রস্তাব নিয়ে আলোচনা এবং এ শিল্পে নিয়োজিতদের ন্যূনতম মজুরি নির্ধারণে সুপারিশমালা প্রণয়নে এ আলোচনায় বসেছেন তারা।

বৈঠকের বিরতিতে বিকাল সাড়ে ৪টার দিকে আজাদ সুবহানী বলেন, "নিন্মতম চতুর্থ গ্রেডে মালিক পক্ষ ১৫ হাজার টাকা প্রস্তাব ছিল। দ্বিতীয় প্রস্তাবে মালিক পক্ষ চতুর্থ গ্রেডে ১৫ হাজার ৫০০ টাকা বলেছিল। সব শেষ প্রস্তাব এসেছে চতুর্থ গ্রেডে নিন্মতম মজুরি ১৫ হাজার ৭০০ টাকা।"

এর আগে সোমবার দুপুর পৌনে ১২টার দিকে সেগুনবাগিচায় বোর্ডের কার্যালয়ে ছয় সদস্যের মজুরি বোর্ডের তৃতীয় সভা শুরু হয়। দীর্ঘ আলোচনা শেষে রাত ৯টার দিকে সভা মুলতবি করা হয়।

ওই সভায় তৈরি পোশাক খাতের শ্রমিকদের নতুন মজুরি কাঠামো নিয়ে মালিকপক্ষের প্রাথমিক প্রস্তাব উপস্থাপন করা হয়। তবে মালিক ও শ্রমিকপক্ষের প্রস্তাবে বড় ব্যবধান থাকায় সেদিন আলোচনা শেষ হয়নি।

এ কারণে পরবর্তী সময়ে আলোচনার জন্য মঙ্গলবার দুপুর ২টায় আবার বৈঠকে বসার সিদ্ধান্ত নেওয়া হয়। মালিকপক্ষের প্রস্তাবিত মজুরির পরিমাণও তখন প্রকাশ করা হয়নি।

তৃতীয় সভায় প্রথমবারের মতো মালিক ও শ্রমিকপক্ষের তিন বিশেষজ্ঞ প্রতিনিধি অংশ নেন। মালিকপক্ষের বিশেষজ্ঞ হিসেবে উপস্থিত ছিলেন তৈরি পোশাক উৎপাদন ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান এবং সংগঠনটির সিনিয়র অতিরিক্ত সচিব নূর মোহাম্মদ রাসেল। শ্রমিকপক্ষের বিশেষজ্ঞ হিসেবে অংশ নেন বাংলাদেশ মুক্ত গার্মেন্টস শ্রমিক ইউনিয়ন ফেডারেশনের সাধারণ সম্পাদক রাশদুল আলম রাজু।