১৭ নভেম্বর ২০২৬, ০২ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রমিক-মালিক সংলাপের উদ্যোগ নেওয়ার আহ্বান চট্টগ্রাম গার্মেন্টস শ্রমিক ঐক্য পরিষদের

“বর্তমানে শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণের দাবি অত্যন্ত যৌক্তিক ও সময়ের দাবি “

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 17 Nov 2026, 01:51 PM

Updated : 17 Nov 2026, 01:51 PM

পোশাক শ্রমিকদের ন্যায্য মজুরি, চাকরির নিরাপত্তা এবং শিল্পের উৎপাদনশীলতা নিশ্চিতে সমন্বিত কর্মপরিকল্পনা গ্রহণ ও শ্রমিক- মালিকপক্ষের মধ্যে কার্যকর সংলাপের উদ্যোগ নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে চট্টগ্রাম গার্মেন্টস শ্রমিক ঐক্য পরিষদের নেতারা।

মঙ্গলবার চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে এ আহ্বানের পাশাপাশি ১৫ দফা দাবিও উপস্থাপন করেন তারা।

পরিষদের আহ্বায়ক ও চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সভাপতি এ এম নাজিম উদ্দিন বলেন, বাংলাদেশের অর্থনীতি, রপ্তানি আয় ও কর্মসংস্থানের অন্যতম প্রধান চালিকাশক্তি তৈরি পোশাকশিল্প। এ শিল্পের প্রায় চল্লিশ লাখ শ্রমিকের শ্রমের সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে চার কোটি শ্রমজীবী মানুষের জীবন-জীবিকা জড়িত।

তিনি বলেন, “বর্তমানে শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণের দাবি অত্যন্ত যৌক্তিক ও সময়ের দাবি। শ্রমিকের শ্রম ও ঘামের ওপর দাঁড়িয়ে মালিকপক্ষ ও দেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে, অথচ শ্রমিক তার পরিবারের মৌলিক চাহিদা পূরণ করতে পারবে না, অবস্থা চলতে পারে না।”

শ্রমিক নেতা নাজিম উদ্দিন মনে করেন, গ্যাস ও বিদ্যুৎ সংকট, উৎপাদন ব্যয় বৃদ্ধি, ব্যাংক ঋণের চাপ এবং আন্তর্জাতিক বাজারে ক্রয়াদেশের অনিশ্চয়তা পোশাক শিল্পের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ালেও এ সংকটের দায় কোনোভাবেই শ্রমিকের ওপর চাপিয়ে দেওয়া যাবে না।

বর্তমান বাস্তবতায় চট্টগ্রামের পোশাকশিল্পের কারখানার লাইসেন্স নবায়ন, উৎপাদন অব্যাহত রাখা, শ্রমিকদের বেতন-ভাতা নিশ্চিত করা এবং বন্ধ কারখানার শ্রমিকদের পাওনা পরিশোধের বিষয়গুলো জরুরি ভিত্তিতে সমাধান করার দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে।

পোশাক শ্রমিকদের জন্য ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণ করে তা দ্রুত সময়ে কার্যকর করাসহ ১৫ দফা দাবি তুলে ধরা হয় সংবাদ সম্মেলনে।

দাবির মধ্যে রয়েছে—মজুরি বোর্ডের কার্যক্রমে শ্রমিক প্রতিনিধিদের অংশগ্রহণ ও শ্রমিকদের মতামতের প্রতিফলন নিশ্চিত করা, প্রতিটি কারখানায় নিয়মিত মাসিক বেতন, ওভারটাইম, উৎসব ভাতা ও অন্যান্য আইনগত পাওনা নির্ধারিত সময়ে পরিশোধ, বন্ধ কারখানাগুলো পুনরায় চালুর উদ্যোগ নেওয়া।