বগুড়ায় শিশু গুলিবিদ্ধ, মসজিদের মাইকে লোক ডেকে পুলিশের ওপর হামলা
পুলিশ সুপার বলেন, “পুলিশ আত্মরক্ষার্থে রাবার বুলেট নিক্ষেপ করে। সেখানে এক শিশু আহত হয়।”
বগুড়ায় সকাল-সন্ধ্যা হরতালে পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের সময় এক শিশু গুলিবিদ্ধ হয়েছে। এরপর স্থানীয় মসজিদের মাইক থেকে ঘোষণা দিয়ে লোক জড়ো করে পুলিশের ওপর হামলা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
রোববার সকাল ১০টায় ঢাকা-রংপুর মহাসড়কে সদর উপজেলার বাঘোপাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী সাংবাদিকদের জানান।
গুলিবিদ্ধ ১০ বছরের মাহি গোকুল এলাকার ধলু মিয়ার ছেলে। সে এখন বগুড়ার টিএমএসএস হাসপাতালে চিকিৎসাধীন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিএনপি নেতাকর্মীরা হরতালে সকাল থেকেই বগুড়া-রংপুর মহাসড়কে পিকেটিং শুরু করে। তারা এ পথের যানবাহন চলাচল বন্ধ করে দেয়। এ সময় কয়েকটি গাড়ি ভাঙচুরের ঘটনাও ঘটে।
খবর পেয়ে পুলিশ গিয়ে নেতাকর্মীদের সেখান থেকে সরে যেতে বলে। তখন বিএনপি নেতাকর্মীদের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়।
এক পর্যায়ে পুলিশ কাঁদুনে গ্যাস ও রাবার বুলেটে ছুড়তে শুরু করে। রাবার বুলেটের আঘাতে মাহিসহ কয়েকজন আহত হয়।
এ সময় বাঘোপাড়া মসজিদের মাইক থেকে শিশু গুলিবিদ্ধের খবর প্রচার করা হয়। এবং এলাকাবাসীকে জড়ো হতে বলা হয়। তারপর বিএনপি নেতাকর্মী এবং গ্রামবাসী পুলিশের উপর ইট-পাটকেল নিক্ষেপ করতে থাকে। বেশ কিছুক্ষণ ধরে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
এ ব্যাপারে জানতে চাইলে পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মহাসড়কে ইউএনওর গাড়িসহ অনেক গাড়ি ভাঙচুর করে বিএনপি নেতাকর্মীরা। পুলিশ জনগণের জানমাল রক্ষায় সেখানে গিয়ে অবস্থান নেয়।
“একপর্যায়ে স্থানীয় মসজিদের মাইক থেকে ঘোষণা দিয়ে পুলিশের ওপর হামলা চালানো হয়। তখন পুলিশ আত্মরক্ষার্থে রাবার বুলেট নিক্ষেপ করে। সেখানে এক শিশু আহত হয়। এখন সে টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছে”, যোগ করেন পুলিশ সুপার।
দুপুর পর্যন্ত হরতাল সমর্থকরা বগুড়া সদর ইউএনওর গাড়ী, একটি ট্রাক, একটি বাস, টিএমএসএস হাসপাতালের দুটি অ্যাম্বুলেন্স ভাঙচুর করে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
গোকুল এলাকার বাসিন্দা ও হরতালের ঘটনার প্রত্যক্ষদর্শী সাজেদুল ইসলাম বলেন, “সকাল থেকেই বিএনপি নেতাকর্মীরা সড়কে পিকেটিং করে গাড়ি চলাচল বন্ধ করে দেয়। যখন এই এলাকায় পুলিশ ও র্যাবের টহল আসে তখন তারা দৌড়ে পালিয়ে যায়। র্যাব-পুলিশ চলে গেলে আবার তারা সড়কে ফিরে আসে।
“সকাল ১০টার দিকে যখন গাড়ি ভাঙচুর শুরু করে তখন পুলিশ এসে তাদের তাড়িয়ে দেওয়ার চেষ্টা করে। একপর্যায়ে পুলিশ সেখানে অবস্থান নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করে। তখন মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশের ওপর চড়াও হয় হরতাল পালনকারীরা। তখন দুই পক্ষের মাঝে সংঘর্ষ বাঁধে”, যোগ করেন সাজেদুল।
বগুড়া সদর বিএনপির সভাপতি ও ওই এলাকার বাসিন্দা মাখতুম রুবেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শিশুটি ছিল পথচারী। তার চোখে রাবার বুলেট লেগেছে। এই সরকারের কাছে শিশুও নিরাপদ নয়।
মসজিদের মাইক থেকে ঘোষণা দিয়ে পুলিশের ওপর হামলার ব্যাপারে জানতে চাইলে বিএনপি নেতা বলেন, “ফ্যাসিস্ট সরকারকে গদি থেকে নামাতেই এই আন্দোলন। তাদের প্রতিরোধ করতেই হবে।”
টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক তৌফিক হাসান বলেন, “ওই শিশুর গালে আঘাতের চিহ্ন আছে।”
শিশু মাহির বাবা ধলু মিয়া বলেন, “আমরা হরতাল, সহিংসতা বুঝি না। আমার ছেলে হরতাল দেখতে এসে এমন পরিস্থিতিতে পড়ল। তার গালে, শরীরে রাবার বুলেটের চিহ্ন। আমরা কোনো দল করি না। এখন ছেলে ভালো আছে।”
