চুয়াডাঙ্গায় ‘রূপসা এক্সপ্রেসের বগি থেকে ১ কেজি’ হেরোইন জব্দ
বিজিবি জানায়, ট্রেনের বগির ক্যারিয়ারে একটি স্কুলব্যাগে হেরোইন পাওয়া যায়।
চুয়াডাঙ্গার দর্শনায় ট্রেনের বগি থেকে ১ কেজি ভারতীয় হেরোইন জব্দ করেছে চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়ন।
বুধবার বিকাল সাড়ে ৪টার দিকে চিলাহাটি থেকে খুলনা অভিমুখী রূপসা এক্সপ্রেসের একটি বগি থেকে এ হেরোইন জব্দ করা হয় বলে ওই ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান।
তিনি জানান, মাদক পাচারের তথ্যে বিকালে দর্শনা রেল স্টেশনে ওই ট্রেনের একটি বগিতে অভিযান চালায় বিজিবি।
“এ সময় বগির ক্যারিয়ারে রাখা মালিকবিহীন একটি স্কুলব্যাগ পাওয়া যায়। পরে তল্লাশি চালিয়ে ব্যাগের ভেতর পাঁচটি পলিথিনের ছোট প্যাকেট থেকে ১ কেজি ১০০ গ্রাম ভারতীয় হেরোইন জব্দ করা হয়।”
তিনি আরও বলেন, “এ ব্যাপারে ওই ব্যাটালিয়নের সুবেদার নওশের আলী বাদী হয়ে মামলাসহ পরবর্তী আইনী প্রক্রিয়া চলছে।”
