৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

নেত্রকোণা সীমান্তে ভারতীয় মদ, কয়লা, চিনিসহ বিভিন্ন পণ্য জব্দ

জব্দ করা পণ্যের সিজার মূল্য প্রায় ৭ লাখ ৬৭ হাজার ৪০০ টাকা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 30 Oct 2026, 03:42 PM

Updated : 30 Oct 2026, 03:42 PM

নেত্রকোণার সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় পৃথক ছয়টি অভিযানে ভারতীয় কম্বল, চিনি, সাবান, মদ ও কয়লা এবং বাংলাদেশি রসুনসহ বিভিন্ন চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) এসব অভিযান পরিচালনা করে বলে জানিয়েছেন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তৌহিদুল বারী।

তিনি বলেন, শুক্রবার ভোর ৫টার দিকে এক অভিযানে পশ্চিম বিজয়পুর এলাকা থেকে ৩৬০ কেজি বাংলাদেশি রসুন জব্দ করা হয়। এর মূল্য ৫০ হাজার ৪০০ টাকা।

একই সময়ে ভবানীপুর বিওপির টহল দল সোমেশ্বরী নদী থেকে ৫ হাজার ৪০০ কেজি ভারতীয় কয়লা জব্দ করে। এর সিজার মূল্য ১ লাখ ৮ হাজার টাকা।

এছাড়া সকাল সাড়ে ৬টার দিকে বিজয়পুর বিওপির আরেকটি অভিযানে একই নদী থেকে আরও ১২ হাজার ৫০০ কেজি ভারতীয় কয়লা জব্দ করা হয়। যার সিজার মূল্য ২ লাখ ৫০ হাজার টাকা।

এর আগে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে পাঁচগাঁও বিওপির টহল দল কলমাকান্দার সন্ন্যাসীপাড়া সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় একটি ভারতীয় কম্বল, ২০০ কেজি চিনি ও ৮০০ পিস সাবান জব্দ করে। এসব পণ্যের সিজার মূল্য ৫১ হাজার টাকা।

একই দিন সন্ধ্যা ৭টার দিকে একই বিওপির আরেকটি অভিযানে সন্ন্যাসীপাড়া এলাকা থেকে ৭২ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। এর সিজার মূল্য ১ লাখ ৮ হাজার টাকা।

এদিকে বৃহস্পতিবার রাত ১১টা ৪৫ মিনিটের দিকে বিজয়পুর বিওপির টহল দল প্রেমবাজার এলাকা থেকে ৪০টি ভারতীয় কম্বল জব্দ করে। এসব কম্বলের সিজার মূল্য ২ লাখ টাকা।

নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) অধিনায়ক বলেন, সব মিলিয়ে ছয়টি অভিযানে জব্দ করা পণ্যের সিজার মূল্য প্রায় ৭ লাখ ৬৭ হাজার ৪০০ টাকা।

জব্দ করা ভারতীয় পণ্য ও রসুন নেত্রকোণা কাস্টমস অফিসে এবং মদ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান, তিনি।