আওয়ামী লীগের কমিটি বাতিলের দাবিতে সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ
আগামী ২০ মার্চের আগে বিতর্কিত কমিটি বাতিল না করলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন বিক্ষোভকারীরা।
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা আওয়ামী লীগের নতুন কমিটি বাতিলের দাবিতে সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছেন পদ বঞ্চিতরা।
রোববার দুপুর ১২টার দিকে ঘাটাইল বাসস্ট্যান্ডে এ বিক্ষোভ হয় বলে উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জানান।
এদিকে সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করার কারণে দুপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
পরে পুলিশ গিয়ে আগুন নিভিয়ে যান চলাচল স্বাভাবিক করে।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোতালেব হোসেন ও সাইফুর রহমান মিঞ্জু, আনেহলা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ও ইউপি চেয়ারম্যান তালুকদার মোহাম্মদ শাজাহানসহ পদ বঞ্চিত অন্য নেতা-কর্মীরা।
এ সময় বক্তারা অবিলম্বে নতুন কমিটি বাতিল করে তৃণমূল নেতা-কর্মীদের মূল্যায়ন দিয়ে পুনরায় কমিটি গঠনের দাবি জানান।
এর আগে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির হল রুমে সংবাদ সম্মেলন হয়।
এতে লিখিত বক্তব্য পড়েন তালুকদার মুহাম্মদ শাহজাহান।
তিনি বলেন, গত বছরের ৬ জুন কেন্দ্রীয় ও জেলার নেতাদের উপস্থিতিতে ঘাটাইল উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে শহিদুল ইসলাম লেবুকে সভাপতি এবং আব্দুর রহিম মিয়াকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়।
শহিদুল ইসলাম জানান, জেলার নেতাদের সহযোগিতায় একই বছরের ১১ অক্টোবর ৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করেন তারা। যা গত ২৮ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।
এরপর থেকেই গণতান্ত্রিক পদ্ধতি অনুসরণ না করে পদ বাণিজ্যের মাধ্যমে একতরফা, অনুপ্রবেশকারী, হাইব্রিড, স্বাধীনতাবিরোধী ও জামায়াত-বিএনপি দিয়ে কমিটি করার অভিযোগ করে তা বাতিলের দাবি জানিয়ে আসছে উপজেলা আওয়ামী লীগের একটি অংশ।
বিক্ষোভকারীরা আগামী ২০ মার্চের আগে বিতর্কিত কমিটি বিলুপ্তি ঘোষণা না করলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন।
ঘাটাইল থানার ওসি আজহারুল ইসলাম জানান, কিছু নেতা-কর্মী টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করার চেষ্টা করেন। পরে পুলিশ গিয়ে আগুন নিভিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করে।
এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান শহিদুল ইসলাম লেবু বলেন, “তৃণমূলের নেতা-কর্মীরাই উপজেলা আওয়ামী লীগের পদ-পদবি পেয়েছেন। সরকারের ভাবমূর্তি নষ্ট করার জন্য জামাত-শিবিরকে সঙ্গে নিয়ে তারা তাণ্ডব চালাচ্ছে। এলাকায় তাদের কোনো গ্রহনযোগ্যতা নেই।”
