বরিশালে দেয়াল চাপায় কিশোর ও পানিতে ডুবে শিশুর মৃত্যু
মসজিদের দেয়ালের পাশে খেলার সময় চাপা পড়ে এক কিশোর ও বাড়ির পাশে খালে ডুবে এক শিশুর প্রাণ গেছে।
বরিশালের আগৈলঝাড়া উপজেলায় মসজিদের দেয়ালে চাপা পড়ে এক কিশোর ও পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার গৈলা ইউনিয়নের তালতা গ্রামে ও বাগধা ইউনিয়নের চাঁদত্রিশিরা গ্রামে এ ঘটনা ঘটে বলে আগৈলঝাড়া থানার পরিদর্শক মাজাহারুল ইসলাম জানান।
দেয়ালে চাপা মৃত শাহাদাত ফকির (১৩) তালতা গ্রামের ভাসাই ফকিরের ছেলে। সে ভদ্রপাড়া করম আলী সিকদার বিদ্যা নিকেতনের ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল।
পানিতে ডুবে নিহত এক বছর আট মাস বয়সী আব্দুল্লাহ চাঁদত্রিশিরা গ্রামের জাকারিয়া হাওলাদারের ছেলে।
গৈলা ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য মানিক সরদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শাহাদাতের বাড়ির পাশে ফকির বাড়ি জামে মসজিদের নতুন দেয়াল নির্মাণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে দেয়ালের পাশে কয়েক কিশোর খেলছিল। এ সময় দেয়াল ধসে নিচে চাপা পড়ে আহত হয় শাহাদাত।
তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে সে মারা যায়।
পরিদর্শক মাজাহারুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
এদিকে চাঁদত্রিশিরা গ্রামে বাড়ির পাশে খেলার সময় খালের পানিতে ডুবে আব্দুল্লাহ মারা গেছে।
পরিবারের বরাতে পরিদর্শক মাজাহারুল বলেন, সকালে আব্দুল্লাহ সবার অজান্তে বাড়ির পাশের একটি খালে পড়ে যায়। পরে তাকে না পেয়ে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে খাল থেকে তাকে উদ্ধার করে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কোনও অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।
