প্রধানমন্ত্রীর জনসভা: মিছিলে মুখরিত কোটালীপাড়া
কোটালীপাড়ায় জনসভা শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাদারীপুরের কালকিনির উদ্দেশ্যে রওনা দেবেন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজের আসন গোপালগঞ্জ-৩ এ জনসভা করছেন। দুই উপজেলা নিয়ে গঠিত এই আসনের টুঙ্গিপাড়ায় জনসভার পর তিনি নৌকার পক্ষে ভোট চাইবেন কোটালীপাড়াতেও।
শনিবার সকালে টুঙ্গিপাড়ায় তার জনসভাস্থলে যেমন মানুষের ঢল নেমেছে অন্যদিকে তেমনি মিছিলে মিছিলে মুখরিত হয়ে উঠেছে কোটালীপাড়া।
শেখ লুৎফর রহমান আদর্শ সরকারি কলেজ মাঠে আওয়ামী লীগ সভাপতির এই নির্বাচনি জনসভা শনিবার দুপুরে শুরু হলেও সকাল থেকেই নেতাকর্মী ও সাধারণ মানুষের পদচারণায় উৎসবমুখর হয়ে ওঠে কোটালীপাড়া উপজেলা সদর।
জনসভা ঘিরে সর্বত্রই ধ্বনিত হতে থাকে নৌকা নৌকা স্লোগান। সকাল থেকেই উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে মিছিল নিয়ে পায়ে হেঁটে, নির্বাচনি জনসভায় যোগ দিতে শুরু করেন আওয়ামী লীগের নেতাকর্মীসহ সাধারণ মানুষ।
অনেকে ইজিবাইক, ভ্যান, নসিমনে করেও জনসভাস্থলে আসেন। এসব মিছিলে নারীদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মত। জনসভাস্থলে পৌঁছে ঢাক ঢোল পিটিয়ে ও বাজনা বাজিয়ে আগতরা মেতে ওঠেন উৎসবে।
এছাড়া বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে এক নজর দেখার জন্য কোটালীপাড়ার পথে পথে বিভিন্ন বয়সের উৎসুক জনতাকেও অপেক্ষা করতে দেখা গেছে।
কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভগেন্দ্রনাথ বিশ্বাস জানিয়েছেন, “সকাল সাড়ে ১০টার মধ্যেই জনসভা স্থলটি জনসমুদ্রে পরিণত হয়েছে। এখানে যেন তিল ধারণের ঠাঁই নেই।”
তিনি আরও বলেন, “নির্বাচনি আচরণবিধি মেনেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই জনসভার আয়োজন করা হয়েছে।”
জনসভা শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাদারীপুরের কালকিনির উদ্দেশ্যে রওনা দেবেন বলে জানা গেছে।
এর আগে শুক্রবার বরিশালের জনসভা শেষ প্রধানমন্ত্রী শেখ হাসিনা সড়কপথে বরিশাল থেকে টুঙ্গিপাড়া আসেন। রাতে তিনি নিজ বাড়িতে অবস্থান করেন।
পরে শনিবার বেলা ১১টায় টুঙ্গিপাড়ার শেখ মুজিবুর রহমান সরকারি কলেজ মাঠে জনসভা করেন প্রধানমন্ত্রী।
পুরানো খবর:
