‘নিজেদের হামলায়’ ডাকাত দলের সদস্য নিহত, একই পরিবারের আহত ৫
স্থানীয় একজন জানান, ওই বাড়ির এক ছেলে বিদেশে যাবেন। এ জন্য বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ১ লাখ ৭০ হাজার টাকা ঋণ নেন। কোনোভাবে ডাকাতরা টাকা কথা জেনে বাড়িতে হানা দিয়ে তাণ্ডব চালাচ্ছিল।
বরিশালের মুলাদী উপজেলায় ডাকাতিতে ধরা পড়ার পর ছিনিয়ে নিতে দলের অন্যদের হামলায় এক ডাকাত নিহত হয়েছেন। এতে ডাকাতির শিকার পরিবারের পাঁচ সদস্য আহত হন।
রোববার ভোরে উপজেলার বাটামারা ইউনিয়নের চর সাহেব রামপুর গ্রামের লক্ষ্মীরহাট এলাকায় এ ঘটনা ঘটে বলে ১ নম্বর ওয়ার্ডের সদস্য মো. মজিবর রহমান জানান।
নিহত বাবু (২৭) বরিশাল নগরীর কাশিপুর এলাকার বাসিন্দা। তিনি মুলাদীর বাটামারা ইউনিয়নে নানাবাড়ি থাকতেন বলে স্থানীয় বাসিন্দা রিপন সরদার জানান।
একই পরিবারের আহতরা হলেন: রামপুর গ্রামের এছাহাক বেপারী, তার স্ত্রী মাহফুজা বেগম, ছেলে ইব্রাহিম, সুজন ও সুমন।
তিন ভাইকে মাদারীপুরের কালকিনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করা হয়েছে। এছাহাক ও মাহফুজাকে বাড়িতে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ইউপি সদস্য মজিবর জানান, শনিবার দিবাগত রাতে চার জনের ডাকাত দল দরজা ভেঙে এছাহাকের ঘরে ঢোকে। পরে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে ঘর থেকে টাকা লুট করে নেয়। ভোরের দিকে ডাকাতরা আবার এসে আরও টাকা বের করতে বলে পরিবারের সবাইকে মারধর শুরু করে। এক পর্যায়ে ডাকাত দলের বাবুকে জাপটে ধরে ফেলেন পরিবারের সদস্যরা। তখন তাকে ছাড়িয়ে নিতে অন্য ডাকাতরা এছাহাকসহ তার পরিবারের সদস্যদের এলোপাথাড়ি কোপাতে থাকে ও হাতবোমার বিস্ফোরণ ঘটায়। এতে এছাহাক পরিবারের ৫ সদস্য ছাড়াও ধরে ফেলা ডাকাত গুরুতর আহত হন।
খবর পয়ে পুলিশ বাবুকে উদ্ধার করে মাদারীপুরের কালকিনী হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
স্থানীয় রিপন সরদার জানান, গ্রামের এছাহাক বেপারীর ছেলে বিদেশে যাবেন। এ জন্য বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ১ লাখ ৭০ হাজার টাকা ঋণ নেন। কোনোভাবে ডাকাতরা টাকা কথা জেনে ওই বাড়িতে হানা দিয়ে তাণ্ডব চালায়।
বাটামারা ইউনিয়নের চেয়ারম্যান মো. সালাহউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, হামলার সময় পরিবারের সদস্যরা এক ডাকাতকে জাপটে ধরেন। তাকে ছাড়াতে গিয়ে অন্য ডাকাতদের ধারালো অস্ত্রের আঘাতে বাবু গুরুতর জখম হয়ে মারা যায় ।
মুলাদী থানার এসআই মো. আল আমিন বলেন, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
