নরসিংদীতে ২৪ ঘণ্টায় আরও ৪৫ ডেঙ্গু রোগী শনাক্ত
জেলায় এ পর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন ৪২৯ রোগী।
নরসিংদীতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা ঊর্ধ্বমুখী; জেলায় গত ২৪ ঘণ্টায় আরও ৪৫ রোগী শনাক্ত হয়েছেন।
বুধবার সকালে নরসিংদীর সিভিল সার্জন ডা. মো. নূরুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় বেসরকারি হাসপাতালে দুই ও সরকারি হাসপাতালে ৪৩ জন নতুন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে ২৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে বর্তমানে হাসপাতালে ৮৪ ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।
সিভিল সার্জন বলেন, এর মধ্যে ১০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে ৪৯, সদর হাসপাতালে ১৮, মনোহরদী উপজেলায় সাত, পলাশ উপজেলায় সাত ও শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনজন ভর্তি রয়েছেন। এ ছাড়া হাসপাতাল থেকে গত ২৪ ঘণ্টায় ছাড়া পেয়েছেন ২৬ ডেঙ্গু রোগী।
প্রতিদিন ডেঙ্গু জ্বর ও উপসর্গ নিয়ে পরীক্ষার জন্য হাসপাতালগুলোতে ভিড় বাড়ছে বলে জানান তিনি।
এ জেলায় চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গু রোগীর সংখ্যা ৪২৯; এ সময়ের মধ্যে ডেঙ্গু আক্রান্ত একজনের মৃত্যু হয়েছে।
