Published : 08 Jan 2024, 12:30 AM
মাদারীপুরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনটি সংসদীয় আসনের মধ্যে একটিতে স্বতন্ত্র এবং বাকি দুটিতে আওয়ামী লীগের প্রার্থী বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।
রোববার রাতে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. মারুফুর রশিদ খান এসব আসনের ফলাফল ঘোষণা করেন।
ফলাফল অনুযায়ী, শিবচর উপজেলা নিয়ে গঠিত মাদারীপুর-১ আসনে আওয়ামী লীগের নূরে-ই-আলম চৌধুরী নৌকা প্রতীক নিয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ১ লাখ ৯৬ হাজার ৭৩১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির লাঙল প্রতীক নিয়ে মোতাহার হোসেন সিদ্দীকি পেয়েছেন ১ হাজার ৮২৬ ভোট।
রাজৈর ও মাদারীপুর সদরের একাংশ নিয়ে গঠিত মাদারীপুর-২ আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী শাজাহান খান বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ২ লাখ ২৩ হাজার ৫১৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির লাঙল প্রতীক নিয়ে এ কে এম নুরুজ্জামান পেয়েছেন ৩ হাজার ৪১৫ ভোট।
অপরদিকে কালকিনি, ডাসার ও সদর উপজেলার একাংশ নিয়ে গঠিত মাদারীপুর-৩ আসনে ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মোসা. তাহমিনা বেগম বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ৯৬ হাজার ৬৩৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের আবদুস সোবহান মিয়া (গোলাপ) পেয়েছেন ৬১ হাজার ৯৭১ ভোট।