মুন্সীগঞ্জে ১৫ দিন পর অপহৃত শিশুর লাশ উদ্ধার
নিখোঁজের তিন দিন পরই শিশুটিকে অপহরণ করা হয়েছে দাবি করে মোবাইল ফোনে দুই লাখ টাকা মুক্তিপণ চাওয়া হয়।
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলায় অপহরণের ১৫ দিন পর হাত ও পায়ের কিছু অংশ বিচ্ছিন্ন অবস্থায় এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার বাড়ির পাশের একটি পুকুরের পাড় থেকে দুই বছর বয়সী ফাতেমা আক্তারের লাশ উদ্ধার হয় বলে জানিয়েছেন টঙ্গীবাড়ি থানার ওসি রাজিব খান।
ফাতেমা মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার রাউৎভোগ গ্রামের কৃষক আলম মোড়ল ও গৃহিনী মরিয়ম বেগমের মেয়ে।
ওসি রাজিব খান জানান, গত ২৮ জানুয়ারি রাউৎভোগের বাড়ির উঠান থেকে নিখোঁজ হয় ফাতেমা আক্তার। তাকে খুঁজে না পেয়ে পরদিন থানায় সাধারণ ডায়েরি করে তার বাবা আলম মোড়ল।
এর তিন দিন পরই শিশুটিকে অপহরণ করা হয়েছে দাবি করে মোবাইল ফোনে দুই লাখ টাকা মুক্তিপণ চাওয়া হয়। এরপর কললিস্টের সূত্র ধরে ৫ ফেব্রুয়ারি আলী নুর নামে এক নারী ও মোক্তার হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ।
কিন্তু তাদের দুই দিনের রিমান্ডে এনেও ফাতেমার সন্ধান বের করতে পারেনি পুলিশ ।
এর মধ্যে শনিবার দুপুরে বাড়ির দেড় শ’ মিটার দূরের একটি পুকুর পাড়ে ঝোঁপের মধ্য শিশুটির লাশ দেখতে পায় স্থানীয়রা।
খবর পেয়ে সেখান থেকে একটি হাত এবং পায়ের একটি অংশ বিচ্ছিন্ন অবস্থায় শিশুটির লাশ উদ্ধার করা হয় বলে জানান ওসি।
তিনি আরও বলেন, লাশ উদ্ধারের পর ক্ষুব্দ গ্রামবাসী গ্রেপ্তার আলী নুরের বাড়ি-ঘর ভাংচুর করেছে।
শিশুটির লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে এবং হত্যার রহস্য উদঘাটনে আইন-শৃঙ্খলা বাহিনীর একাধিক টিম কাজ করছে বলে জানান ওসি।
