মৃদু শৈত্যপ্রবাহ সৈয়দপুরে, বিমান চলাচলে বিঘ্ন
ঘন কুয়াশার কারণে বিমান, অভ্যন্তরীন নৌ পরিবহন ও সড়কে যানবাহন চলাচল ব্যাহত হওয়ার আভাস দিয়ে রেখেছে আবহাওয়া অধিদপ্তর।
পৌষের মাঝামাঝিতে দেশের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে নীলফামারীর সৈয়দপুর; ঘন কুয়াশা আর হিম হাওয়ায় উত্তরের অন্য জেলাগুলোতেও জবুথবু অবস্থা।
মঙ্গলবার দেশের সর্বনিম্ন ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সৈয়দপুরে। এদিন দিনাজপুরে ১০ ডিগ্রি, পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে আবহাওয়া পরিস্থিতিকে মৃদু শৈত্যপ্রবাহ বলা হয়। সে অনুযায়ী সৈয়দপুর ও দিনাজপুরে মৃদু শৈত্যপ্রবাহ চলছে।
এদিকে ঘন কুয়াশার কারণে সকালে ঢাকা-সৈয়দপুর রুটে বিমান চলাচল বন্ধ ছিল কিছু সময়। মঙ্গলবার বেলা সাড়ে ১১টা পর্যন্ত ঢাকা-সৈয়দপুর রুটে কোনো ফ্লাইট ওঠানামা করেনি বলে সৈয়দপুর বিমানবন্দর আবহাওয়া দপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হাকিম জানান।
মঙ্গলবার থেকে পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাসেও আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এই সময়ে ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ পরিবহন ও সড়কে যানবাহন চলাচল ব্যাহত হতে পারে।
আবহাওয়াবিদ ওমর ফারুক জানান, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। কোথাও কোথাও তা দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ পরিবহন এবং সড়ক যোগাযোগেও বিঘ্ন ঘটতে পারে। সেইসঙ্গে ঘন কুয়াশার কারণে দিনে ঠাণ্ডা পরিস্থিতি বিজার করতে পারে।
নতুন বছরের শুরুতে কনকনে ঠাণ্ডায় জবুথবু অবস্থা কুড়িগ্রামেও। ঘন কুয়াশায় জেলার সড়ক ও নৌ পথে চলাচল ব্যবস্থাও ব্যাহত হচ্ছে। ফলে দিনের বেলাও সড়ক পথে হেড লাইট জ্বালিয়ে চলছে যানবাহনগুলো।
কুড়িগ্রামের রাজারহাটে সোমবার সকালে ১২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। আর ১২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় মঙ্গলবার।
রাতে এই তাপমাত্রা আরও কমতে পারে জানিয়ে রাজারহাট আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা সুবল চন্দ্র জানান, কুড়িগ্রামে চলতি মাসে একটি শৈত্য প্রবাহও হতে পারে।
গত তিন দিন ধরেই তীব্র শীতে দুর্ভোগে এ জেলার মানুষ। আবহাওয়া অধিদপ্তর বলছে, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের রাতের তাপমাত্রা কমতে পারে ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস। তবে রংপুর ও রাজশাহী বিভাগের রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
