কেন্দ্রে ভোটার আনার দায়িত্ব প্রার্থীদের, নিরাপত্তা দেবে কমিশন: ইসি রাশেদা
আচরণবিধি লঙ্ঘনে নির্বাচন কমিশন আরো কঠোর হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।
নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেছেন, “ভোট কেন্দ্রে ভোটার নিয়ে আসার দায়িত্ব প্রার্থীদের। ভোটের পরিবেশ ও নিরাপত্তা নিশ্চিত করবে কমিশন।”
শুক্রবার সকালে পাবনায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সামনে তিনি এ কথা বলেন।
রাশেদা সুলতানা বলেন, “দ্বাদশ সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার সক্ষমতা নির্বাচন কমিশনের আছে।”
বর্তমান কমিশনের অধীনে প্রতিটি নির্বাচনে অনিয়মের অভিযোগ তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হয়েছে দাবি করে তিনি বলেন, “দ্বাদশ সংসদ নির্বাচনে প্রার্থীদের অভিযোগ তদন্ত করে সতর্ক করা হচ্ছে।”
আচরণবিধি লঙ্ঘন হলে সামনের দিনগুলোতে কমিশন আরো কঠোর হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
নির্বাচনে গণমাধ্যমকর্মীদের হুমকি বা সংবাদ সংগ্রহে বাধা দিলে তা অপরাধ গণ্য করে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান রাশেদা সুলতানা।
মতবিনিময় সভায় পাবনার পাঁচটি আসনের মধ্যে ১, ৩ ও ৪ আসনের স্বতন্ত্র প্রার্থীরা নির্বাচনি প্রচারে বাধা দেওয়ার অভিযোগ তুলেন।
পাবনা-১ আসনের স্বতন্ত্র প্রার্থী আবু সাইয়িদ এ মুহূর্তে নির্বাচনে সুষ্ঠু পরিবেশ নেই দাবি করে আওয়ামী লীগের প্রার্থী ও তার সমর্থকদের বিরুদ্ধে মোটরসাইকেল মহড়া দিয়ে ভোটারদের হুমকি, তার প্রচারে বাধা ও প্রশাসনের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ আনেন।
একই আসনের আওয়ামী লীগ প্রার্থীর প্রতিনিধি নাসিফ শামস রনি স্বতন্ত্র প্রার্থী আবু সাইয়িদের বিরুদ্ধে মিথ্যা প্রচারণা ও প্রশাসনকে প্রভাবিত করার চেষ্টার অভিযোগ আনেন।
পাবনা-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী আব্দুল হামিদ আওয়ামী লীগ প্রার্থীর বিরুদ্ধে প্রচারে বাধা, হুমকি ও এমপির ক্ষমতা প্রদর্শনের অভিযোগ আনেন।
পাবনা-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী পাঞ্জাব আলী বিশ্বাসের অভিযোগ, আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকরা ভোটারদের নৌকায় ভোট না দিলে সামাজিক নিরপত্তা ভাতা বন্ধ করে দেওয়ার হুমকি দিচ্ছেন।
অভিযোগের উত্তরে প্রার্থীদের আশ্বস্ত করেন কমিশনার রাশেদা সুলতানা। তিনি ক্ষমতা প্রদর্শন, ভয়ভীতি না দেখিয়ে ভোটারদের মন জয় করতে প্রার্থীদের পরামর্শ দেন।
প্রার্থীদের সহযোগিতার আশ্বাস দিয়ে এ নির্বাচন কমিশনার বলেন, “আপনারা শক্ত এজেন্ট দেবেন।”
নির্বাচনি বিধি-বিধান সম্পর্কে ধারণা আছে এমন এজেন্ট দিতেও তিনি প্রার্থীদের পরামর্শ দেন।
মতবিনিময় সভায় রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার জসিম উদ্দিন হায়দার, পুলিশের উপ-মহাপরিদর্শক আনিসুর রহমান, রাজশাহী বিভাগীয় আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেন, জেলা রিটার্নিং কর্মকর্তা ও পাবনা জেলা প্রশাসক মু. আসাদুজ্জামান ও পুলিশ সুপার আকবর আলী মুন্সি ছিলেন।
