জয়পুরহাটে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার
রাজশাহী থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী একটি ট্রেন ওই বৃদ্ধাকে ধাক্কা দেয় বলে জানায় পুলিশ।
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধা প্রাণ হারিয়েছেন।
মঙ্গলবার ভোরে উপজেলার বাগজানা খায়ের মণ্ডল পুকুরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে সান্তাহার রেলওয়ে থানার ওসি মোক্তার হোসেন জানান।
নিহত মমেছা বেগম (৬৮) উপজেলার বাগজানা মাস্টারপাড়া গ্রামের প্রয়াত কফিল উদ্দিনের স্ত্রী।
স্থানীয়দের বরাতে ওসি মোক্তার বলেন, মমেছা দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। ভোরে তিনি বাড়ি থেকে বের হয়ে পার্শ্ববর্তী রেল লাইনের দিকে ঘুরতে যান।
এ সময় রাজশাহী থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী ‘বাংলাবান্ধা এক্সপ্রেস’ ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই ওই বৃদ্ধা মারা যান বলে জানান তিনি।
খবর পেয়ে মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে ওসি মোক্তার জানান।
