চরফ্যাশনে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
অভিযোগ না থাকায় পুলিশ শিশু দুটির মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করে।
ভোলার চরফ্যাশন উপজেলায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে ও বিকালে উপজেলার নীলকমল ও নুরাবাদ ইউনিয়নে ঘটনা দুটি ঘটে বলে দুলারহাট থানার ওসি মো. আনোয়ারুল হক জানান।
চার বছর বয়সী নিহত জিহাদ নীলকমল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মো. রাসেল পাটোয়ারীর এবং সাত বছর বয়সী মমিন নুরাবাদ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মো. সাইফুল ইসলামের ছেলে।
এদের মধ্যে মমিন শারীরিক প্রতিবন্ধী ছিল।
বাড়ির অন্য শিশুদের সঙ্গে খেলতে গিয়ে পুকুরের পানিতে পড়ে মমিন মারা যায়।
অপরদিকে, জিহাদ তেঁতুলিয়া নদীর পাড়ে খেলতে গিয়ে পানিতে পড়ে মারা যায়।
আলাদা এ দুই মৃত্যুর ঘটনায় কোনো অভিযোগ না থাকায় পুলিশ শিশু দুইটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করে।
