পঞ্চগড়ে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল শিশুর
ছোট বোনকে নিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা অবস্থায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি মোটরসাইকেল তাদের ধাক্কা দেয়।
পঞ্চগড়ের তেতুঁলিয়া উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার দুপুরে উপজেলার শালবাহান ইউনিয়নের পেদিয়াগছ এলাকায় এ ঘটনা ঘটে বলে তেতুঁলিয়া মডেল থানার ওসি আবু সাইদ চৌধুরী জানান।
নিহত আট বছর বয়সি আব্দুল কাদের জিলানী ওই এলাকার হাসান আলীর ছেলে। স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণীর ছাত্র ছিল।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি আবু সাইদ চৌধুরী বলেন, শনিবার দুপুরে জিলানী তার ৬ মাস বয়সি বোন খাদিজাকে নিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে ছিল। এ সময় একটি মোটরসাইকেল পেদিয়াগছ থেকে ডাহুক ব্রিজ কমলাবাগানের দিকে আসছিল।
তিনি বলেন, “মোড় ঘোরাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি জিলানী ও তার বোনকে ধাক্কা দেয়। এতে সড়কে ছিটকে পড়েন ভাইবোন। পরে বাইকটি জিলানীর পেটের উপর দিয়ে গেলে গুরুতর আহত হয় সে।”
ওসি আরও বলেন, স্থানীয়রা তাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় জিলানীর বোন সামান্য আহত হয়।
মরদেহের সুরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
নিহতের পরিবারের সদস্যরা কোনো অভিযোগ করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
