১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

বিদেশিরাও যেন চিকিৎসা নিতে আসেন, সে লক্ষ্যে কাজ করছে সরকার : স্বাস্থ্যমন্ত্রী

জেলা এবং উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোতে জনবল, যন্ত্রপাতি এবং সুষ্ঠু তদারকির ঘাটতি অনেকটাই কেটে গেছে বলে দাবি মন্ত্রীর।

বিদেশিরাও যেন চিকিৎসা নিতে আসেন, সে লক্ষ্যে কাজ করছে সরকার : স্বাস্থ্যমন্ত্রী

নরসিংদীর মাধবদীতে মঙ্গলবার ঢাকা বিভাগীয় স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানের প্রধানদের সঙ্গে মতবিনিময়ে বক্তব্য রাখেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

নরসিংদী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2023, 05:42 PM

Updated : 09 May 2023, 05:41 PM

বাংলাদেশে চিকিৎসাসেবা গ্রহণে বিদেশিদের আগ্রহী করতে সরকার স্বাস্থ্যখাতের মানোন্নয়নে কাজ করছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। 

মঙ্গলবার নরসিংদীর মাধবদীতে ঢাকা বিভাগীয় স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানের প্রধানদের সঙ্গে এক মতবিনিময়ে একথা জানান তিনি। 

মন্ত্রী বলেন, “দেশে এখন কিডনি ট্রান্সপ্লান্ট হচ্ছে। ভবিষ্যতে লিভার ট্রান্সপ্লান্টও হবে। দেশের বিভিন্ন মেডিকেলে বিদেশি শিক্ষার্থীরা পড়তে আসছেন। সেইসঙ্গে বিদেশিরা যেন বাংলাদেশে চিকিৎসাও নিতে আসেন, সে লক্ষ্যে কাজ করছে সরকার।” 

সীমিত সম্পদের সঠিক ব্যবহার ও পরিকল্পনার মাধ্যমে দেশের স্বাস্থ্যখাত এগিয়ে চলেছে জানিয়ে স্বাস্থ্যখাতের মানোন্নয়নে চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান মন্ত্রী। 

জেলা পর্যায়ের স্বাস্থ্য সেবার মান আগের চেয়ে উন্নত হয়েছে জানিয়ে তিনি বলেন, “আগামী দিনে উপজেলা পর্যায়ে আরও ভালো সেবা নিশ্চিতের কাজ চলছে। দেশের জেলা এবং উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোতে জনবল, যন্ত্রপাতি এবং সুষ্ঠু তদারকির যে ঘাটতি ছিল, তা এখন অনেকটাই কেটে গেছে। এই সংকট যেন পুরোপুরি কাটিয়ে ওঠা যায়, সেই চেষ্টা চলছে।” 

অনুষ্ঠানে বিএনপি শাসনামলের সঙ্গে বর্তমান সরকারের আমলের স্বাস্থ্যখাতের বাজেটের তুলনাও করেন স্বাস্থ্যমন্ত্রী। 

সঠিক পরিকল্পনার কারণে কোভিড-১৯ রোগে বাংলাদেশে মৃত্যুহার বিশ্বে সবচেয়ে কম ছিল বলেও দাবি করেন তিনি। 

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মো. খুরশিদ আলমের সভাপতিত্বে মতবিনিময়ে বক্তব্য দেন স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব আজিজুর রহমান, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. টিটু মিয়া, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক শাহান আরা বানু, স্বাস্থ্যসেবা বিভাগের হাসপাতাল শাখার অতিরিক্ত সচিব নাজমুল হক খান।  

এ সময় ঢাকা বিভাগের ১৩ জেলার সিভিল সার্জন, মেডিকেল কলেজের পরিচালক, অধ্যক্ষ ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।