সিরাজগঞ্জে শিক্ষার্থী-অভিভাবকদের মানববন্ধনে হামলায় অভিযোগ
ঘটনাস্থলে সাংবাদিকের সঙ্গে অসদাচারণের জন্য দুঃখ প্রকাশ করেন এনায়েরপুর থানার এক এসআই।
সিরাজগঞ্জের চৌহালীতে শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা কমিটির বিরুদ্ধে শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর ডাকা মানববন্ধনে হামলার অভিযোগ পাওয়া গেছে।
বুধবার সকালে চৌহালীর বেতিল বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজের সামনে এ ঘটনা ঘটে বলে মানববন্ধনে অংশ নেওয়াদের অভিযোগ।
তারা জানায়, প্রতিষ্ঠানটির পরিচালনা কমিটির সভাপতি শেখ আব্দুস সালাম, ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাফিজুর রহমান এবং বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যদের বিরুদ্ধে নানা অনিয়ম, দুর্নীতি, স্বেচ্ছাচারিতা ও ছাত্র নির্যাতনের অভিযোগ আছে।
প্রতিবাদে শিক্ষা প্রতিষ্ঠানটির সামনে মানববন্ধনের আয়োজন করা হয়।
এতে বিদ্যালয়টির শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী অংশ নেন।
এ সময় ক্ষুব্ধ হয়ে ওই বিদ্যালয়ের দপ্তরী, কর্মচারী, পরিচালনা কমিটির সদস্য ও বহিরাগত লোকজন এক হয়ে মানববন্ধনে হামলা চালিয়ে শিক্ষার্থীদের মারধর করে ব্যানার ছিনিয়ে নেয়।
হামলায় ১০ জন আহত হওয়ার দাবি করছে শিক্ষার্থীরা।
আহতরা হল- ইমরান শেখ, আলিফ হোসেন, আব্দুল্লাহ প্রামাণিক, মিলন, হাবিবুর রহমান, মারুফ হোসেন, আজিজুল সরকার, হৃদয় আহমেদ, আইয়ুব আলী ও কাওসার আহমেদ।
খবর পেয়ে এনায়েতপুর থানা পুলিশ গিয়ে মানববন্ধকারীদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয়।
এ সময় তিন শিক্ষার্থীকে আটক করে বিদ্যালয় পরিচালনা কমিটির কাছে হস্তান্তর করে পুলিশ।
এদিকে, আটক তিন ছাত্রকে জিজ্ঞাসাবাদের নামে নির্যাতনের খবরে শিক্ষার্থী ও অভিভাবকরা আজুগড়া ফুটানির বাজার এলাকায় আবারও মানববন্ধন করেন। পুলিশ সেখানেও বাধা দেয়।
এ সময় এক সাংবাদিক ভিডিও ধারণ করতে গেলে এনায়েতপুর থানার এসআই প্রণয় কুমার প্রামাণিক তার মোবাইল ফোন কেড়ে নেওয়ার চেষ্টা করেন।
তবে উপস্থিত লোকজন উত্তেজিত হয়ে পড়লে পুলিশ সেখান থেকে সটকে পড়ে।
এ বিষয়ে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ হাফিজুর রহমান বলেন, “মানববন্ধনের নামে কতিপয় শিক্ষার্থী বিদ্যালয়ের সামনে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে পুলিশ ও স্থানীয়রা তাদের ধাওয়া করে ছত্রভঙ্গ করে দেয়।
“এছাড়া আটক তিন শিক্ষার্থীকে পুলিশ বিদ্যালয় পরিচালনা কমিটির কাছে সোপর্দ করলে অভিভাবকদের উপস্থিতিতে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে; কোনো প্রকার নির্যাতন করা হয়নি।”
এদিকে, ঘটনাস্থলে সাংবাদিকের সঙ্গে অসদাচারণের জন্য এসআই প্রণয় কুমার প্রামাণিক দুঃখ প্রকাশ করেন।
এনায়েতপুর থানার ওসি আনিসুর রহমান সাংবাদিকদের বলেন, “এসআই প্রণয় কুমার এ থানায় নতুন এসেছেন। ফলে এখনও অনেককে চেনেন না। ভুলবশত এ ঘটনা ঘটেছে।”
