নারায়ণগঞ্জে সালিশে ছুরিকাঘাতে তরুণ খুন
পুলিশ ও স্থানীয়রা জানান, সালিশে কথা কাটাকাটির এক পর্যায়ে প্রতিপক্ষের কয়েকজন রাজিবকে ছুরিকাঘাত করেন৷
নারায়ণগঞ্জ বন্দর উপজেলায় সালিশ বৈঠকে প্রতিপক্ষের লোকজনের ছুরিকাঘাতে এক তরুণ খুন হয়েছেন।
বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে উপজেলার নবীগঞ্জের কামাল উদ্দিনের মোড় এলাকায় এ ঘটনা ঘটে বলে পুলিশ জানায়৷
নিহত মো. রাজিব (২০) বন্দরের ২৪ নম্বর ওয়ার্ডের কাইতাখালি এলাকার তারা মিয়ার ছেলে।
স্থানীয় লোকজন ও পুলিশ জানায়, ব্যাটারিচালিত একটি রিকশা চুরির ঘটনায় রাজিবের সঙ্গে কদমতলী রূপনগর এলাকার কালাম মিয়ার ছেলে রাতুলের বিরোধ ছিল; বিরোধ মেটাতে সালিশ ডাকা হয়। সালিশে কথা কাটাকাটির এক পর্যায়ে প্রতিপক্ষের কয়েকজন রাজিবকে ছুরিকাঘাত করেন৷ পরে স্থানীয়রা রাজিবকে উদ্ধার করে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে বন্দর থানার ওসি আবু বকর ছিদ্দিক জানান, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়৷
এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি৷
