চাঁপাইনবাবগঞ্জে পিকআপ ও অটোরিকশার সংঘর্ষে নিহত ২
এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় পিকআপের সঙ্গে সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন; আহত হয়েছেন আরও দুজন।
শনিবার সকালে শিবগঞ্জ-ভোলাহাট সড়কের গোহালবাড়ি ইউনিয়নের ফলিমারির বিল এলাকায় এ ঘটনা ঘটে বলে ভোলাহাট থানার ওসি সেলিম রেজা জানান।
নিহতরা হলেন: ভেলাহাট উপজেলার গোহালবাড়ি এলাকার প্রয়াত ইদ্রিস মিয়ার মেয়ে ফাতেমা বেগম (৪২) ও ধরমপুর এলাকার সমশের আলীর ছেলে হেলাল উদ্দিন (৩৫)।
আহত দুজন ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছে।
ওসি সেলিম রেজা জানান, জেলার শিবগঞ্জ থেকে ছেড়ে আসা ভোলাহাটগামী একটি পিকআপের সঙ্গে ওই এলাকায় বিপরীতমুখি যাত্রীবাহী একটি অটোরিকশার সংঘর্ষ হয়। এতে অটোরিকশায় থাকা চারজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক ফাতেমাকে মৃত ঘোষণা করেন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান হেলাল উদ্দিন।
অটোরিকশার চালকসহ আহত দুজন ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন বলে জানায় পুলিশ।
আইনী প্রক্রিয়ায় পরিবারের কাছে লাশ দুটি হস্তান্তর করা হয়েছে। এছাড়া দুর্ঘটনা কবলিত পিকআপ ও অটোরিকশা পুলিশের হেফাজতে আছে বলে জানান ওসি সেলিম।
আরও পড়ুন:
