২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

উখিয়ার ২ রোহিঙ্গা ক্যাম্পে গুলিতে হেড মাঝিসহ দুজন নিহত

পুলিশের ধারণা, রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারের জেরে এ খুনের ঘটনা ঘটেছে।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2023, 02:24 PM

Updated : 21 Dec 2023, 02:26 PM

কক্সবাজারের উখিয়া উপজেলার দুই রোহিঙ্গা আশ্রয় শিবিরে ‘আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে’ দুর্বৃত্তদের গুলিতে হেড মাঝিসহ দুজনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার ভোরে উপজেলার ১৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি-ব্লক এবং ৪ নম্বর মধুরছড়া রোহিঙ্গা ক্যাম্পে এ সব ঘটনা ঘটে বলে উখিয়া থানার ওসি মো. শামীম হোসেন জানান।

নিহতরা হলেন- ১৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি-ব্লকের মোহাম্মদ আমিনের ছেলে মোহাম্মদ আব্দুল্লাহ এবং ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা মৃত সৈয়দ আহমদের ছেলে হেড মাঝি (প্রধান কমিউনিটি নেতা) নাদির হোসেন।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি শামীম হোসেন বলেন, “ভোরে ১৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি-ব্লকে ৭-৮ জনের একদল রোহিঙ্গা সন্ত্রাসী মোহাম্মদ আব্দুল্লাহকে ঘর থেকে তুলে নিয়ে যায়।

“পরে পাশের বাজারের রাস্তার উপর ফেলে তাকে লক্ষ্য করে উপর্যুপরি গুলি করে। খবর পেয়ে এপিবিএন পুলিশ ও থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে দুর্বৃত্তরা পালিয়ে যায়।”

পরে গুলিবিদ্ধ আব্দুল্লাহকে ক্যাম্প সংলগ্ন একটি ক্লিনিকে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানান ওসি।

শামীম আরও বলেন, “এদিকে সকালে ৪ নম্বর মধুরছড়া রোহিঙ্গা ক্যাম্পের হেড মাঝি নাদির হোসেনকে একদল রোহিঙ্গা সন্ত্রাসী ঘর থেকে ডেকে নিয়ে রাস্তার উপর গুলি ও ছুরিকাঘাত করলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

তিনি বলেন, খবর পেয়ে এপিবিএন পুলিশ ও থানা পুলিশের পৃথক দুইটি দল ঘটনাস্থলে পৌঁছার আগেই সন্ত্রাসীরা পালিয়ে যায়।

“কারা, কি কারণে এসব হত্যাকাণ্ড ঘটিয়েছে পুলিশ তা নিশ্চিত নয়। প্রাথমিকভাবে রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারের জেরে এ খুনের ঘটনা ঘটেছে বলে পুলিশের ধারণা।”

নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।