০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

এভারেস্টের কাছে দুই হেলিকপ্টারের সংঘর্ষে পর্যটক নিহত

অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিওতে সংঘর্ষের পর লোকজনের হুড়োহুড়ি করে পালানোর দৃশ্য দেখা গেছে।

এভারেস্টের কাছে দুই হেলিকপ্টারের সংঘর্ষে পর্যটক নিহত

মাউন্ট এভারেস্টের বেস ক্যাম্পের ঠিক নিচের একটি এলাকায় অবতরণ করতে গিয়ে হেলিকপ্টার দুটি সংঘর্ষে জড়ায়। ছবি: হিমালয়ান

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 03 Nov 2026, 05:06 PM

Updated : 03 Nov 2026, 05:06 PM

নেপালের মাউন্ট এভারেস্ট অঞ্চলে অবতরণের চেষ্টার সময় দুটি হেলিকপ্টারের মধ্যে সংঘর্ষে এক পর্যটক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।

মঙ্গলবার মাউন্ট এভারেস্টের বেস ক্যাম্পের ঠিক নিচের একটি এলাকায় অবতরণ করতে গিয়ে হেলিকপ্টার দুটি সংঘর্ষে জড়ায়।

ঘটনাটি ঘটেছে সমুদ্রপৃষ্ঠ থেকে ৪ হাজার ২০০ মিটার (১৩ হাজার ৭৮০ ফুট) উঁচুতে অবস্থিত ফেরিচে গ্রামে।

স্থানীয় কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, নিহত ব্যক্তি ৪৭ বছর বয়সী এক ভারতীয় নাগরিক। তিনি চেন্নাইয়ের বাসিন্দা ছিলেন বলে নিশ্চিত করেছে ভারতীয় কর্তৃপক্ষ। আহতদের মধ্যে একজন নিউজিল্যান্ডের নাগরিক এবং অন্যজন নেপালি পাইলট।

তবে দুটি হেলিকপ্টারে মোট কতজন আরোহী ছিলেন, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা যায়, সংঘর্ষের পর হেলিকপ্টার দুটি মাটিতে আছড়ে পড়ার সময় নিচে থাকা এক ডজনেরও বেশি মানুষ প্রাণ বাঁচাতে দৌড়ে নিরাপদ আশ্রয়ে সরে যাচ্ছেন।

সড়ক যোগাযোগ না থাকায় দুর্গম এভারেস্ট অঞ্চলে অসুস্থতা বা শারীরিক ক্লান্তির কারণে যাত্রা মাঝপথে সংক্ষিপ্ত করতে বাধ্য হওয়া ট্রেকার ও গাইডদের জরুরি ভিত্তিতে উদ্ধারে নিয়মিত হেলিকপ্টার ব্যবহার করা হয়।

সমুদ্রপৃষ্ঠ থেকে বিশ্বের সর্বোচ্চ এই পর্বতের আশপাশের তাপমাত্রা সবসময় হিমাঙ্কের নিচে থাকে।

এর আগে গত সপ্তাহে এভারেস্ট বেস ক্যাম্পের পথের একটি হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। তখন ভারি তুষারপাতের কারণে আগুন নেভানোর কাজে বিঘ্ন ঘটলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।