সৌদি আরবের নাজরানে নজরদারি হেলিকপ্টার বিধ্বস্ত, ২ কর্মকর্তা নিহত
এর আগে ইয়েমেনের হুতিরা দাবি করেছিল, তারা নাজরানে সৌদি আরবের একটি অ্যাপাচি হেলিকপ্টার গুলি করে ভূপাতিত করেছে।
সৌদি আরবের দক্ষিণপশ্চিমাঞ্চলে ইয়েমেনের সীমান্তবর্তী প্রদেশ নাজরানে একটি নজরদারি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত হয়েছেন।
হেলিকপ্টারটি সৌদি আরবের জাতীয় রক্ষীবাহিনীর বলে রোববার জানিয়েছেন সৌদি নেতৃত্বাধীন জোট বাহিনীর মুখপাত্র।
মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল মালিকি জানান, যান্ত্রিক ত্রুটির কারণে একটি এএইচ-৬আই নজরদারি হেলিকপ্টার সৌদি আরবের ভূখণ্ডে বিধ্বস্ত হয়েছে।
আরব নিউজ জানিয়েছে, হেলিকপ্টারটি সৌদি আরবের জাতীয় রক্ষী মন্ত্রণালয়ের অধীনে ছিল আর এটি নাজরান অঞ্চলে সৌদি-ইয়েমেন সীমান্তের কাছে বিধ্বস্ত হয়েছে।
আল মালিকি জানিয়েছেন, হেলিকপ্টার বিধ্বস্তের এ ঘটনায় দুই কর্মকর্তা নিহত হয়েছেন।
এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেছেন, “যান্ত্রিক ত্রুটির কারণে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে, এতে দুই ক্রু কর্মকর্তা শাহাদাত বরণ করেছেন।”
আল জাজিরা জানিয়েছে, এর আগে ইয়েমেনের হুতিরা দাবি করেছিল, তারা নাজরানে সৌদি আরবের একটি অ্যাপাচি হেলিকপ্টার গুলি করে ভূপাতিত করেছে।
হুতিদের এ দাবির জবাবে মালিকি সামাজিক মাধ্যমে বিমান ঘাঁটির টারমাকে দাঁড়িয়ে থাকা একটি অ্যাপাচি হেলিকপ্টারের ছবি পোস্ট করে লিখেছেন, “সে শিগগিরই রণক্ষেত্রে প্রবেশ করবে। সে দেখতে কেমন তা মনে রেখ, যেন তোমরা ভুলে না যাও।”
হুতিদের একের পর এক হামলার কারণে সৌদি আরব যখন উচ্চ সতর্ক অবস্থায় আছে তার মধ্যেই হেলিকপ্টার বিধ্বস্তের এ ঘটনাটি ঘটল। ইয়েমেনের সীমান্তবর্তী নাজরানকে বারবার লক্ষ্যস্থল করছে হুতিরা।
আল মালিকির দেওয়া তথ্য অনুযায়ী, রোববার ভোররাতে সৌদি আরবের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় আসির প্রদেশের খামিশ মুশায়েত শহর লক্ষ্য করে হুতিদের ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও রিয়াদ অঞ্চল লক্ষ্য করে ছোড়া একটি ড্রোন বাধা দিয়ে ধ্বংস করেছে সৌদি জোটের বিমান প্রতিরক্ষা বাহিনী।
এই প্রতিহত করার ঘণ্টা দুই আগে রাজধানী রিয়াদ ও খামিশ মুশায়েত শহরের বাসিন্দারা তাদের মোবাইল ফোনে হামলার আগাম সতর্কবার্তা পেয়েছিলেন।
