২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে ‘ছিনতাইকারী সন্দেহে’ পিটুনি, তরুণ নিহত

গুরুবদীতে তিন মোটরসাইকেল আরোহীকে কুপিয়ে ছিনতাই করে একদল লোক; পরে এলাকাবাসী মাধবদী বাজারে একজনকে পিটিয়ে হত্যা করে।

নারায়ণগঞ্জে ‘ছিনতাইকারী সন্দেহে’ পিটুনি, তরুণ নিহত

আড়াইহাজার উপজেলার মাধবদী বাজারে শনিবার রাতে এলাকাবাসী একজনকে পিটিয়ে হত্যা করে।

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Dec 2022, 06:58 PM

Updated : 25 Dec 2022, 06:58 PM

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ‘ছিনতাইকারী সন্দেহে’ এক তরুণকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে একদল গ্রামবাসীর বিরুদ্ধে। 

আড়াইহাজার থানার ওসি আজিজুল হক জানান, শনিবার রাতে উপজেলার হাইজাদী ইউনিয়নের দলদী গ্রামে এই ঘটনা ঘটে। 

নিহত আসাদুল্লাহ ওরফে আসাদ (২৫) একই ইউনিয়নের সেনদী মাধবদী এলাকার জজ মিয়ার ছেলে। 

পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার রাত ৮টার দিকে সোনারগাঁ উপজেলার এক মেলায় গ্যাস বেলুন বিক্রির পর আড়াইহাজার উপজেলার গুরুবদী এলাকার আজিজুল হক (৪৬), তার ছেলে রাকিব (১৭) ও ভাতিজা আরিফুল ইসলাম (১৫) মোটর সাইকেলে চড়ে বাড়ি ফিরছিলেন। ফেরার পথে তারা হামলার শিকার হন। একদল লোক তাদের উপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালিয়ে গুরুতর জখম করে এবং মালামাল ও টাকা ছিনিয়ে নেয়। আহতরা মাধবদী বাজারে গিয়ে গ্রামবাসীকে গিয়ে বিষয়টি জানালে তারা উত্তেজিত হয়ে লাঠিসোটা নিয়ে বের হয়। 

পরে লোকজন আসাদুল্লাহ নামে এক যুবককে পিটুনি দিয়ে কচুরিপানা ভর্তি একটি ডোবায় ফেলে দেয় বলে হাইজাদী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলী হোসেন জানান। 

হাইজাদী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলী হোসেন বলেন, “একদল লোক তিন মোটরসাইকেল আরোহীকে রাস্তায় থামিয়ে কুপিয়ে টাকা-পয়সা লুট করেছে – এমনটা আমি শুনেছি। পরে উত্তেজিত গ্রামবাসী ধাওয়া দিয়ে মারধর করলে একজন মারা যায়।” 

আড়াইহাজার থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ডোবা থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠায়। স্থানীয়রা ওই যুবককে ছিনতাইকারি সন্দেহে পিটুনি দিয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। 

এদিকে এই ঘটনায় থানায় পৃথক দুটি মামলা হয়েছে বলে জানিয়ে ওসি আজিজুল হক বলেন, পুলিশ বাদী হয়ে একটি হত্যা মামলা এবং হামলার শিকার আজিজুল হক বাদী হয়ে আরেকটি মামলা করেছেন। উভয় মামলার তদন্ত করছে পুলিশ। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি।