১৬ মাস পর সিরাজগঞ্জ যুবলীগের আহ্বায়ক কমিটি গঠন
কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক ৯০ দিনের জন্য এ কমিটি অনুমোদন দিয়েছেন।
সিরাজগঞ্জ জেলা যু্বলীগের ৪১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় কমিটি।
মঙ্গলবার রাতে কেন্দ্রীয় কমিটির সভাপতি শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মঈনুল হাসান খান নিখিল ৯০ দিনের জন্য এ কমিটি অনুমোদন দেন।
এর মাধ্যমে দীর্ঘ ১৬ মাস পর আহ্বায়ক কমিটি পেল সিরাজগঞ্জ জেলা যুবলীগ।
বিলুপ্ত কমিটির সভাপতি রাশেদ ইউসুফ জুয়েলকে আহ্বায়ক, মো. হাসান শহীদ চঞ্চল, সঞ্জয় কুমার সাহা ও মো. আলহাজ্ব সরকারকে যুগ্ন আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয়েছে।
বাকি ৩৭ জন সবাই সদস্য হিসেবে রয়েছেন।
কেন্দ্রীয় কমিটির উপদপ্তর সম্পাদক দেলোয়ার হোসেন শাহজাদা বলেন, “অনুমোদিত আহ্বায়ক কমিটিকে আগামী ৯০ দিনের মধ্যে জেলার সব শাখার সম্মেলন শেষ করে জেলা কমিটির সম্মেলন আয়োজন করতে বলা হয়েছে।”
এর আগে ২০১৯ সালের ১৫ জুন জেলা যুবলীগের সম্মেলনে প্রত্যক্ষ ভোটের মাধ্যমে রাশেদ ইউসুফ জুয়েল সভাপতি ও একরামুল হক সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
কিন্তু তারা নির্বাচিত হওয়ার আড়াই বছরেও পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়নি।
২০২২ সালের ৬ ফেব্রুয়ারি দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কমিটির সাধারণ সম্পাদক একরামুল হককে বহিষ্কার করে কেন্দ্রীয় কমিটি এবং ৮ ফেব্রয়ারি এক সদস্যের (শুধু সভাপতি) কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। একই সঙ্গে ১৪ থেকে ১৭ ফেব্রুয়ারির মধ্যে আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক ও সদস্য পদ পেতে আগ্রহীদের জীবন বৃত্তান্ত পাঠানোর আহ্বান জানায় কেন্দ্রীয় যুবলীগ।
এরপর ১৬ মাস ধরে কমিটিবিহীন ছিল সিরাজগঞ্জ জেলা যুবলীগ।
