মানিকগঞ্জে বিএনপির পদযাত্রায় হামলা, গাড়ি ভাংচুরের অভিযোগ
তবে হামলা-ভাঙচুরের বিষয়টি অস্বীকার করেছেন উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক।
মানিকগঞ্জের হরিরামপুরে বিএনপির পদযাত্রায় হামলা ও গাড়ি ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে।
শনিবার বিকাল ৩টার দিকে উপজেলার গালা ইউনিয়নের ঝিটকা গার্লস স্কুল মোড় ও ঝিটকা-গোপীনাথপুর ব্রিজ এলাকায় আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা এ হামলা চালায় বলে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শামিম আহমেদ অভিযোগ করেন।
এতে জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা সাব্বির আহমেদ লিটনসহ বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের তিন নেতা-কর্মী আহত হয়েছেন বলে দাবি করেন তিনি।
এ ছাড়া তিনটি মোটরসাইকেল ও একটি প্রাইভেট কারের কাচ ভাঙচুর করা হয়েছে বলেও দাবি করেছেন শামিম আহমেদ।
তিনি বিডিনিউজ টোয়েন্টি ফোরকে বলেন, “কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ঝিটকা বাজারে পদযাত্রা করতে না পেরে গোপীনাথপুর ইউনিয়ন পরিষদের সামনে অবস্থান ধর্মঘট ও সমাবেশ হয়।
সমাবেশে হরিরামপুর উপজেলা বিএনপি সভাপতি হান্নান মৃধা, জেলা বিএনপি নেতা মোশাররফ হোসেন শিকদারসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা ছিলেন।
সমাবেশে আসার পথে আওয়ামী লীগের দলীয় নেতা-কর্মীরা বিএনপি নেতা-কর্মীদের ঝিটকা বাজার গার্লস স্কুল মোড়ে হামলা চালায়। এ ছাড়া জেলা বিএনপির জ্যেষ্ঠ সহ সভাপতি আতাউর রহমান আতা, সহ সভাপতি আব্দুল বাতেন, জেলা বিএনপির কোষাধ্যক্ষ আব্দুল হক সমাবেশের প্রবেশ পথে হামলার শিকার হন।”
শামিম আহমেদ আরও বলেন, “সমাবেশে আসার পথে তিনটি মোটরসাইকেল ভাঙচুর ও জেলা বিএনপির কোষাধ্যক্ষ আব্দুল হকের প্রাডো গাড়ি ভাঙচুর হয়।”
এ সময় ঝিটকা বাজারে যুবদল নেতা শহিদুল শিকদার সোহেলের দোকানেও হামলা হয় বলে দাবি করেন তিনি।
উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন খান দুলাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শান্তিপূর্ণ সমাবেশ করার জন্য হরিরামপুর উপজেলা চত্বরে পুলিশের অনুমতি চাইলেও পাইনি। পরে ঝিটকা আনন্দমোহন উচ্চ বিদ্যালয় মাঠও চেয়ে ছিলাম; পুলিশ সেখানেও অনুমতি দেয়নি। আমরা ঝিটকা গরুর হাটে সমাবেশের ঘোষণা দিলে যুবলীগ সেখানে তাদের কর্মসূচি ঘোষণা দেয়। পরে আমরা গোপীনাথপুর ইউনিয়ন পরিষদের সামনে সমাবেশ করি। তবে সমাবেশে আসার পথে জেলা বিএনপির কোষাধ্যক্ষ আব্দুল হকের গাড়ি ভাঙচুর করা হয়েছে। কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করে। হামলায় কয়েকজন নেতা-কর্মী আহত হয়েছে।”
বিএনপি নেতাদের অভিযোগ, হামলার সময় উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ফরিদ মোল্লা, স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মাসুদুর রহমান, সদস্যসচিব কামরুল হাসান ফিরোজ, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাকিন চৌধুরী রিফাত, সহসভাপতি সোহাগ হোসেন, সাংগঠনিক সম্পাদক শুভ মল্লিক, রিতান মোল্লা, গোপীনাথপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রাসেল হোসেনসহ ১৫-২০ জন ছিলেন।
হামলার পরও তারা গোপীনাথপুর ইউনিয়ন পরিষদের সামনে সমাবেশ করেন। সমাবেশে বিএনপি নেতা-কর্মীরা হামলার নিন্দা জানান।
তবে হামলা-ভাঙচুরের বিষয়টি অস্বীকার করেছেন উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাকিন চৌধুরী রিফাত।
তিনি বলেন, “আমাদের তৎপরতায় বিএনপি নেতা-কর্মীরা নাশকতা করতে পারেনি। নাশকতা ঠেকানো হয়েছে।”
উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মাসুদুর রহমান হামলার ঘটনা অস্বীকার করে বলেন, নাশকতা প্রতিহত করা হয়েছে।
হরিরামপুর থানা ওসি সুমন কুমার আদিত্য বিডিনিউজ টোয়েন্টি ফোরকে বলেন, “এ ঘটনায় এখন কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।”
