এবার কুড়িগ্রামে রেললাইনের হুক বোল্ট খুলে নিল দুর্বৃত্তরা
রেলপথে নতুন হুক বোল্ট বসানো হয়েছে; এখন রেল চলাচলে কোনো সমস্যা নেই বলে জানান স্টেশন মাস্টার।
কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় রেলসেতুর লাইনের ১০টি হুক বোল্ট খুলে নিয়েছে দুর্বৃত্তরা। তবে এতে কোনো দুর্ঘটনা ঘটেনি।
মঙ্গলবার কুড়িগ্রাম-রংপুর রেলপথের ঠাঁটমারী বধ্যভূমি এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন কুড়িগ্রাম রেলওয়ে স্টেশন মাস্টার মো. শামসুজ্জোহা।
খবর পেয়ে বিকালে কুড়িগ্রাম পুলিশ সুপার আল আসাদ মোহাম্মদ মাহফুজুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
স্টেশন মাস্টার মো. শামসুজ্জোহা বলেন, রেলসেতুর উপরের স্লিপারের হুক বোল্ট (রেলের স্লিপার ও লাইনের মধ্যে লাগানো বাঁকা নাট বিশেষ) কে বা কারা খুলে নিয়ে গেছে। দুপুরে রেল ওয়েম্যানের মাধ্যমে খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে লাইন মেরামতে কাজ শুরু করেন।
খুলে নেওয়া নাটগুলোর স্থলে নতুন নাট বসানো হয়েছে; এখন রেল চলাচলে কোনো সমস্যা নেই বলে জানান তিনি।
ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে পুলিশ সুপার মাহফুজুল ইসলাম বলেন, “রেল বিভাগের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জেনেছি, নাট খুলে নেওয়ার বিষয়টি নাশকতা সৃষ্টি নয়; নাটগুলো কেউ চুরি করে নিয়েছে।
“ঘটনাস্থলে রেল বিভাগ কাজ করেছে। আমরা নিরাপত্তার ব্যাপারে সচেষ্ট আছি। তবে ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।”
