জাতীয় মহিলা দাবায় সেরা ওয়াদিফা
প্রথমবারের মতো জাতীয় মহিলা দাবায় চ্যাম্পিয়ন হলেন বাংলাদেশ নৌবাহিনীর এই দাবাড়ু।
ত্রয়োদশ রাউন্ডে নাজরানা খান ইভাকে অনায়াসে হারালেন ওয়াদিফা আহমেদ। এই জয়ে জাতীয় মহিলা দাবা চ্যাম্পিয়নশিপে প্রথমবার সেরা হলেন বাংলাদেশ নৌবাহিনীর এই দাঁবাড়ু।
বাংলাদেশ দাবা ফেডারেশনের হল-রুমে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় এবার ১৪ জন খেলোয়াড় অংশ নেন। ১৩ ম্যাচে সাড়ে ৯ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হলেন মহিলা আন্তর্জাতিক মাস্টার ওয়াদিফা।
পাঁচ দাবাড়ু সাড়ে ৮ পয়েন্ট করে পেয়েছেন। তারা হলেন- গতবারের মহিলা চ্যাম্পিয়ন বাংলাদেশ নৌবাহিনীর মহিলা ফিদে মাস্টার নোশিন আঞ্জুম, মহিলা ফিদে মাস্টার ওয়ারসিয়া খুশবু, মহিলা ক্যান্ডিডেট মাস্টার ওয়ালিজা আহমেদ, বাংলাদেশ আনসারের ক্যান্ডিডেট মাস্টার নুশরাত জাহান আলো ও মহিলা ক্যান্ডিডেট মাস্টার নীলাভা চৌধুরী। রোববার রানারআপ থেকে ষষ্ঠ স্থান নির্ধারণী প্লে-অফ ম্যাচ খেলবেন।
