সিরাজগঞ্জে গাড়িচাপা দিয়ে জোড়া খুনের মামলায় বাবা-ছেলে গ্রেপ্তার
দেড় বছর আগে পরিকল্পিতভাবে দুই মোটরসাইকেল আরোহীকে গাড়িচাপায় হত্যার অভিযোগ ওঠে।
সিরাজগঞ্জে গাড়িচাপা দিয়ে দুই মোটরসাইকেল আরোহীকে হত্যার মামলায় বাবা-ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার রাতে তাড়াশ উপজেলার হেমনগর গাটাবাড়ি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে সলঙ্গা থানার ওসি আলী আসলাম জানান।
গ্রেপ্তাররা হলেন- তাড়াশ উপজেলার হেমনগর কাটাবাড়ি গ্রামের আব্দুল ওহাব এবং তার ছেলে জাকির হোসেন।
মামলার বরাতে পুলিশ জানায়, ২০২৫ সালের ২৪ মার্চ তাড়াশ থেকে মোটরসাইকেলে করে রোকনুজ্জামান ও নাসির উদ্দিন নামে দুই ব্যক্তি সিরাজগঞ্জ আদালতে যাচ্ছিলেন। পথে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের সলঙ্গা থানার হরিণচড়া এলাকায় পৌঁছালে একটি মাইক্রোবাস দিয়ে তাদের মোটরসাইকেলকে সজোরে চাপা দেওয়া হয়। এতে ঘটনাস্থলেই রোকনুজ্জামান ও নাসির উদ্দিনের মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে পাঁচজনের নাম দিয়ে অজ্ঞাত আরও আট থেকে ১০ জনকে আসামি করে আদালতে একটি হত্যা মামলা করা হয়।
সলঙ্গা থানার ওসি আলী আসলাম বলেন, সেই হত্যা মামলার এজাহারনামীয় আসামি আব্দুল ওহাব ও তার ছেলে জাকির হোসেনকে বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
