২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় ট্রেনে কাটা পড়ে ২ ভাইয়ের মৃত্যু

মোটরসাইকেলে করে নিজেদের দোকানে যাওয়ার সময় দুই ভাই ট্রেনে কাটা পড়েন।

পাবনায় ট্রেনে কাটা পড়ে ২ ভাইয়ের মৃত্যু

প্রতীকী ছবি

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2023, 06:24 PM

Updated : 06 Jul 2023, 06:24 PM

পাবনার সাঁথিয়ায় মোটরসাইকেলে রেললাইন পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে দুই চাচাত ভাই প্রাণ হারিয়েছেন; এ সময় আরও একজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার সকালে উপজেলার কাশিনাথপুর রেলক্রসিংয়ের আগে চণ্ডিপুর এলাকায় এ ঘটনা ঘটে বলে ঈশ্বরদী রেলওয়ে থানার এসআই খায়রুল ইসলাম জানান।

নিহতরা হলেন উপজেলার কাশিনাথপুরের কাবারীখোলা গ্রামের মাসুদ মুন্সির ছেলে জামিরুল ইসলাম (৩২), একই গ্রামের জালাল উদ্দিনের ছেলে বাবু ইসলাম (২৪)। তারা পরস্পর আপন চাচাত ভাই।

আহত মোমিন হোসেন (২৭) পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয়দের বরাত দিয়ে এসআই খায়রুল বলেন, সকাল সাড়ে ৬টার দিকে দুই ভাইসহ তিনজন মোটরসাইকেলে কাশীনাথপুরের দিকে নিজেদের মুদির দোকানে যাচ্ছিলেন। এমন সময় ঈশ্বরদী থেকে ছেড়ে আসা ঢালারচর অভিমুখী ঢালারচর এক্সপ্রেস ট্রেনটি কাশিনাথপুর রেলক্রসিং অতিক্রম করছিল।

“এ সময় রেললাইনের ওপর থাকা এ তিন মোটরসাইকেল আরোহী ওই ট্রেনে কাটা পড়েন। ঘটনাস্থলে দুইজন মারা যান।”

তিনি আরও বলেন, ঈশ্বরদী রেলওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। দুর্ঘটনার তদন্ত চলছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারকে হস্তান্তর করা হবে।