২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

চট্টগ্রামে ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু

মোবাইল ফোনের সূত্র ধরে পুলিশ ধারণা করছে, নিহত ব্যক্তি একজন রোহিঙ্গা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 26 Sep 2026, 07:32 PM

Updated : 26 Sep 2026, 07:32 PM

চট্টগ্রামে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

শনিবার নগরীর ষোলশহর এলাকায় কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ওই ব্যক্তির মৃত্যু হয় বলে পুলিশ জানিয়েছে।

আনুমানিক ৪৫ বছর বয়সি এ ব্যক্তির পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ।

তবে তার কাছে থাকা মোবাইল ফোনের সূত্র ধরে পুলিশের প্রাথমিক ধারণা, নিহত ব্যক্তি রোহিঙ্গা।

চট্টগ্রাম রেলওয়ে পুলিশের ষোলশহর স্টেশন ফাঁড়ির এসআই অসীম ধর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ষোলশহর স্টেশনের অদূরে রেল লাইন ধরে এ ব্যক্তি হাটছিলেন। এসময় ঢাকা থেকে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলে নিহত হন।

তিনি বলেন, “নিহত ব্যক্তির কাছে একটি মোবাইল ফোন পাওয়া গেছে। সেখানে থাকা নম্বরে যোগাযোগ করে জানা, গেছে তার নাম আব্দুর রহিম, তিনি রোহিঙ্গা। নোয়াখালীর ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।”

এসআই অসীম বলেন, সন্ধ্যা পর্যন্ত তার লাশের খোঁজে কেউ যোগাযোগ করেনি এবং কেউ পুরোপুরি পরিচয়ও নিশ্চিত করছেন না। তাই অজ্ঞাত ব্যক্তি হিসেবে তার লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।