২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ঘরে পড়ে ছিল ছুরিবিদ্ধ কলেজছাত্রীর বিবস্ত্র মরদেহ

নরসিংদীতে বিয়ের দেড় বছর শ্বশুরবাড়িতে থাকলেও পারিবারিক কলহের জেরে ছয় মাস ধরে বাবা-মার সঙ্গে থাকতেন বিনা মিত্র।

ঘরে পড়ে ছিল ছুরিবিদ্ধ কলেজছাত্রীর বিবস্ত্র মরদেহ

ফাইল ছবি

নরসিংদী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2023, 09:45 PM

Updated : 24 Jun 2023, 09:45 PM

নরসিংদীর পলাশ উপজেলায় বুকে ছুরিবিদ্ধ অবস্থায় এক কলেজছাত্রীর বিবস্ত্র মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার রাতে জিনারদী ইউনিয়নের বড়িবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন পলাশ থানার এসআই সামসুল হক।

নিহত ১৮ বছর বয়সী বিনা মিত্র ওই গ্রামের মুকুঞ্জ মিত্রের মেয়ে। তিনি ঘোড়াশাল মুসাবিন হাকিম ডিগ্রি কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। 

বিনা মিত্রের মা উর্মিলা মিত্র বলেন, “শুক্রবার সন্ধ্যার পর বাড়ির পাশে বরাব মন্দিরে পরিবারের অন্য সদস্যদের সঙ্গে বিনা রথযাত্রার প্রসাদ খেতে যায়। সেখান থেকে ফিরে নিজ ঘরে পড়াশোনা করতে বসে বিনা।

“পরে আমি চিকিৎসা নিতে পাশের একটি বাড়িতে যাই। রাত ৯টার পর বাড়িতে ফিরে দেখি স্বামী আর ছেলে ঘুমাচ্ছে। আর মেয়ের ঘরে গিয়ে দেখি বুকে ছুরিবিদ্ধ হয়ে বিবস্ত্র অবস্থায় বিনার মরদেহ পড়ে রয়েছে।”

খবর পেয়ে রাতেই অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) অনির্বাণ চৌধুরী ও পলাশ থানার পরিদর্শক (তদন্ত) এমদাদুল হক ঘটনাস্থল পরিদর্শন করেন।

শনিবার সকালে পুলিশ বুকে বিদ্ধ ছুরিসহ কলেজছাত্রীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠায়।

পরিবারের সদস্যরা জানান, ঘোড়াশাল পৌর এলাকার লাগালিয়া গ্রামের জগদিস মিত্রের ছেলে সঞ্জয় মিত্রের সঙ্গে বিনার প্রেম ছিল। দুই বছর আগে মা-বাবাকে না জানিয়ে সঞ্জয়কে বিয়ে করেন বিনা। বিয়ের দেড় বছর শ্বশুরবাড়িতে থাকলেও পারিবারিক কলহের জেরে ছয় মাস ধরে বিনা তার মা-বাবার সঙ্গে বসবাস করছেন।

মাঝেমধ্যে সঞ্জয় তাদের বাড়িতে আসা-যাওয়া করতেন। শুক্রবার রাত সোয়া ৯টার দিকে সঞ্জয়কে ওই এলাকায় দ্রুত হেঁটে যেতে দেখেছেন এক প্রতিবেশী। বিনাকে হত্যায় তার স্বামীকে সন্দেহ করছে পরিবার।

এ বিষয়ে জানতে সঞ্জয় মিত্রের সঙ্গে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি।

এসআই সামসুল হক বলেন, হত্যার আগে ওই ছাত্রীকে ধর্ষণ করা হয়েছিল কিনা ময়নাতদন্তের প্রতিবেদন না পাওয়া পর্যন্ত কিছু বলা যাচ্ছে না। তবে তার শরীরের জামা-কাপড়ে কোনো ধস্তাধস্তির চিহ্ন পাওয়া যায়নি। এই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।