০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

মঞ্চে আসছে শৌখিন থিয়েটারের ‘পালিয়ে বেড়ায়’

‘পালিয়ে বেড়ায়’ বাস্তবতার সঙ্গে মানুষের নিরন্তর দ্বন্দ্বের এক নাট্যচিত্র।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 05 Nov 2026, 05:11 PM

Updated : 05 Nov 2026, 05:11 PM

নাট্যদল শৌখিন থিয়েটারের নতুন প্রযোজনা ‘পালিয়ে বেড়ায়’ আসছে মঞ্চে।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে আগামী ১০ নভেম্বর সন্ধ্যা ৭টায় নাটকটির উদ্বোধনী প্রদর্শনী অনুষ্ঠিত হবে।

নাট্যকার মনোজ মিত্রের রচনায় এটি শৌখিন থিয়েটারের ১২তম প্রযোজনা; নির্দেশনা দিয়েছেন হামিদুর রহমান পাপ্পু।

‘পালিয়ে বেড়ায়’ মূলত মানুষের মনস্তত্ত্ব, পলায়নপর মানসিকতা, শিকড়হীন জীবন এবং বাস্তবতার সঙ্গে মানুষের নিরন্তর দ্বন্দ্বের এক নাট্যচিত্র।

নাটকের গল্পে দেখা যাবে, কেন্দ্রীয় চরিত্র রূপচাঁদ একজন শিকড়ছেঁড়া ও ভবঘুরে মানুষ। সমাজের চোখে সে অপদার্থ; জীবনের কোনো নির্দিষ্ট গন্তব্য কিংবা স্থায়ী হওয়ার আকাঙ্ক্ষা তার নেই। দায়িত্ব ও জীবনের জটিল সংকট এড়িয়ে সে বারবার পালিয়ে যাওয়ার পথ বেছে নেয়।

নাটকটির নির্দেশক হামিদুর রহমান পাপ্পু বলেন, মনোজ মিত্রের রচনায় প্রান্তিক মানুষের জীবন ও সমাজের নানা অসংগতির প্রতিফলন লক্ষ করা যায়। ১৯৯৯ সালে প্রকাশিত এই নাটকে রূপচাঁদের বিচিত্র জীবনযাত্রার আড়ালে মানুষের চিরন্তন মনস্তাত্ত্বিক সংকট তুলে ধরা হয়েছে।

তিনি আরও বলেন, “শেষ পর্যন্ত রূপচাঁদের এই পালিয়ে বেড়ানো শুধু একজন মানুষের গল্প নয়; বরং জীবনের দায় ও বাস্তবতার মুখোমুখি দাঁড়াতে দ্বিধাগ্রস্ত প্রতিটি মানুষেরই এক প্রতীকী আখ্যান।”

বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন দীপু মাহমুদ, জাবেদ হামিদ, জয়া আহমেদ, রায়হান হোসেন, রাশিদুল হাসান লিটন, বর্ষা ঘোষ, আশরাফুল ইসলাম নয়ন, আজমিরা কান্তা, ফারহানা হামিদ ও হামিদুর রহমান পাপ্পু।

প্রযোজনাটির মঞ্চ ও আলোক পরিকল্পনা করেছেন ফজলে রাব্বি সুকর্ণ। পোশাক ও রূপসজ্জা পরিকল্পনায় শুভাশীষ দত্ত তন্ময় এবং সংগীত পরিকল্পনা ও কোরিওগ্রাফিতে কাজ করেছেন মো. আলমগীর।