ময়মনসিংহে স্ত্রীকে হত্যার ২১ বছর পর স্বামী গ্রেপ্তার
গ্রেপ্তার ব্যক্তি তার স্ত্রী হত্যা মামলার যাবজ্জীবন সাজা পাওয়া আসামি।
ময়মনসিংহের ফুলপুরে স্ত্রীকে হত্যার ২১ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত স্বামীকে গ্রেপ্তার করেছে র্যাব।
বৃহস্পতিবার দুপুরে র্যাব ১৪ এর কার্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, গত বুধবার দিবাগত ভোররাতে সিলেট মেট্রোপলিটন এলাকার জালালাবাদ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মো. ফজুল (৪৫) ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার মধ্যম কালবিজাইল বাঁশতলা গ্রামের বাসিন্দা।
র্যাব ১৪ এর সিনিয়র পুলিশ সুপার আনোয়ার হোসেন বলেন, ফুলবাড়ীয়া উপজেলার ফজুলের সঙ্গে ফুলপুরের জাহিদা খাতুনের বিয়ে হয়। বিয়ের ১০ বছর পর ২০০২ সালে পারিবারিক কলহের জেরে জাহিদা খাতুন তার বাবার বাড়ি চলে যান। সেখানে তিনি একটি চালকলে শ্রমিকের কাজ নেন। এর দুই মাস পর ১২ অক্টোবর জাহিদার সঙ্গে দেখা করতে ফুলপুরে যান ফজুল।
ওই দিন চালকল থেকে ফেরার পথে ফজুলের সঙ্গে দেখা হয় জাহিদার। তখন কিছুটা দূরে ডেকে নিয়ে জাহিদাকে ছুরিকাঘাত করেন পালিয়ে যান ফজুল। পরের দিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জাহিদা।
এ ঘটনার নিহত মা মোছা. জমিলা খাতুন বাদী হয়ে ফুলপুর থানায় একটি হত্যা মামলা করেন। ওই মামলায় ২০১০ সালের ৭ মার্চ আদালত পলাতক ফজুলকে যাবজ্জীবন সাজা দেয়।
গ্রেপ্তারকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র্যাব কর্মকর্তা আনোয়ার হোসেন।
