আগে বগুড়ায় বিমানবন্দর, এক-দুই বছর পর এগোবে ময়মনসিংহের প্রকল্প: বিমানমন্ত্রী
মন্ত্রী বলেন, ময়মনসিংহে বিমানবন্দর নির্মাণের জন্য পরামর্শক নিয়োগ করা হয়েছে।
আগে বগুড়ার বিমানবন্দর নির্মাণের কাজ শুরু হবে, এর এক-দুই বছর পর ময়মনসিংহে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের প্রকল্প এগোবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত।
তিনি বলেন, “বগুড়ার বিমানবন্দর প্রকল্পের কাজ অনেক দূর এগিয়েছে। তাই সেটি আগে বাস্তবায়ন করা হবে। বগুড়ার কাজ শুরুর এক থেকে দুই বছর পর ময়মনসিংহের বিমানবন্দর প্রকল্পের কাজ এগিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে।”
বৃহস্পতিবার সকালে ময়মনসিংহের ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণ ও আধুনিক পর্যটন নগরী গড়ে তোলার বিষয়ে এক মতবিনিময় সভায় মন্ত্রী এসব কথা বলেন।
ত্রিশালের রাশেদুল ইসলাম সম্মেলন হলে উপজেলা প্রশাসন আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের সংসদ সদস্য মো. মাহাবুবুর রহমান।
ময়মনসিংহে বিমানবন্দর নির্মাণের বিষয়ে মন্ত্রী বলেন, “এ অঞ্চলে বিমানবন্দর নির্মাণের জন্য ইতিমধ্যে পরামর্শক নিয়োগ করা হয়েছে। তারা সমীক্ষার কাজ শুরু করেছেন। কতটি উড়োজাহাজ চলাচল করতে পারবে, কোন দিক দিয়ে উড়োজাহাজ নামবে, অবতরণের পথ কত দূর পর্যন্ত হবে এবং বিমানবন্দরের সক্ষমতা কেমন হবে, এসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে।”
বগুড়ায় বিমানবন্দর নির্মাণের কারণ তুলে ধরে মন্ত্রী বলেন, “বগুড়া দেশের মধ্যবর্তী অঞ্চলে হওয়ায় সেখানে উত্তরাঞ্চলের জেলাগুলোর জন্য পণ্য পরিবহনের একটি কেন্দ্র গড়ে তোলার সুযোগ রয়েছে।”
ময়মনসিংহে বিমানবন্দর হলে এ অঞ্চলের পাশাপাশি ঢাকার উত্তরের বিস্তীর্ণ এলাকায় অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়বে বলে মনে করেন মন্ত্রী।
তিনি বলেন, “একটি বিমানবন্দর নির্মাণের সঙ্গে অনেক মানুষের কর্মসংস্থান, যোগাযোগব্যবস্থা ও অন্যান্য অবকাঠামোর উন্নয়ন জড়িত। জীবদ্দশায় অথবা দায়িত্বে থাকাকালে এ প্রকল্প বাস্তবায়ন করতে পারলে সেটি আমার জীবনের একটি বড় অর্জন হবে।”
বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের উন্নয়ন নিয়ে মন্ত্রী বলেন, ময়মনসিংহ, নেত্রকোণা, শেরপুর ও জামালপুরের বিভিন্ন এলাকায় স্বাস্থ্যসেবা, যোগাযোগ ও অবকাঠামোর উন্নয়নে কাজ করার পরিকল্পনা রয়েছে। বিশেষ করে এসব এলাকায় চিকিৎসকের সংকট দূর করার বিষয়টি গুরুত্ব দেওয়া হচ্ছে।
ত্রিশালের পর্যটন সম্ভাবনা তুলে ধরে মন্ত্রী বলেন, নজরুল বর্ষ ঘোষণা দেশের সংস্কৃতি ও পর্যটন বিকাশে গুরুত্বপূর্ণ উদ্যোগ। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতিবিজড়িত ত্রিশালকে আধুনিক পর্যটন নগরী হিসেবে গড়ে তুলতে স্থানীয় সংসদ সদস্যের উদ্যোগে সব ধরনের সহযোগিতা করা হবে।
সভায় স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতা, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
