২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

রাজবাড়ীতে কলেজছাত্র রোহান হত্যার মূল পরিকল্পনাকারীকে গ্রেপ্তার দাবি

নিখোঁজের তিন দিন পর ৮ অক্টোবর বাড়ির অদূরে মেহগনি বাগানের ডোবা থেকে রোহানের মরদেহ উদ্ধার করে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 25 Oct 2026, 09:09 PM

Updated : 25 Oct 2026, 09:09 PM

রাজবাড়ীতে কলেজছাত্র ফুয়াদ চৌধুরী রোহান হত্যার মূল পরিকল্পনাকারীকে বিদেশ থেকে ফিরিয়ে এনে গ্রেপ্তার এবং দায়ীদের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন এলাকাবাসী।

রোববার সকালে শহরের আজাদী ময়দান থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে সমাবেশে রূপ নেয়। পরে জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর স্মারকলিপি তুলে দেন আন্দোলনকারীরা।

৫ অক্টোবর নিখোঁজ হন কলেজছাত্র ফুয়াদ চৌধুরী রোহান। পরে ৮ অক্টোবর সন্ধ্যায় বাড়ির অদূরে একটি মেহগনি বাগানের ডোবা থেকে তার বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে পুলিশ।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, পূর্বশত্রুতার জেরে কলেজছাত্র রোহানকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় তিনজন গ্রেপ্তার হলেও মূল পরিকল্পনাকারী এখনো ধরাছোঁয়ার বাইরে থেকে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছেন। এমনকি নিহত রোহানের পরিবারের সদস্যদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগও তোলেন তারা।

বক্তারা দ্রুত মূল পরিকল্পনাকারীকে আইনের আওতায় এনে ফাঁসি নিশ্চিত করা এবং নিহতের পরিবারের বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

সমাবেশে বক্তব্য দেন রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক মো. লিয়াকত আলী, যুগ্ম আহ্বায়ক গাজী আহসান হাবিব, রেজাউল করিম শিকদার পিন্টু, সাবেক সাধারণ সম্পাদক খায়রুল আনাম বকুল, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান লিখন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এম এ খালেদ পাভেল এবং নিহত রোহানের বাবা ফরহাদ চৌধুরী।