০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩

সরকার বদলালেও বিচার ব্যবস্থায় পরিবর্তন আসেনি: রফিউর রাব্বি

ত্বকী হত্যার ১৪ বছরেও বিচার শুরু না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তার বাবা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 08 Nov 2026, 09:35 PM

Updated : 08 Nov 2026, 09:35 PM

১৪ বছর হতে চললেও নারায়ণগঞ্জের মেধাবী কিশোর তানভীর মুহাম্মদ ত্বকী হত্যার বিচারকাজ শুরু না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন তার বাবা সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি।

তিনি বলেছেন, “সরকার বদল হলেও বিচার ব্যবস্থায় কোনো পরিবর্তন আসেনি। এখনও শেখ হাসিনার ধ্বংস করে রেখে যাওয়া বিচার ব্যবস্থার ধারাবাহিকতা চলছে। ক্ষমতা নির্বিঘ্ন করার জন্য ইতিপূর্বে সব সরকারই বিচার ব্যবস্থাকে হাতিয়ার করেছে, এখনো তাই চলছে।”

রোববার সন্ধ্যায় নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় শহীদ মিনারে ত্বকী হত্যা ও বিচারহীনতার ১৬৪ মাস উপলক্ষে আয়োজিত আলোক প্রজ্বালন কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট প্রতি মাসের ধারাবাহিকতায় এ কর্মসূচির আয়োজন করে।

ত্বকী হত্যার জন্য সাবেক সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে অভিযোগ তুলে রফিউর রাব্বি বলেন, “শেখ হাসিনা ওসমান পরিবারকে রক্ষা করার জন্য এ হত্যার বিচার সাড়ে ১১ বছর বন্ধ করে রেখেছিল। কিন্তু এখন বিচার হচ্ছে না কেন? অভিযোগপত্র জমা পড়ছে না কেন? তবে কি এই সরকারেরও কেউ কেউ তাদের রক্ষা করতে চাচ্ছে?”

তিনি অভিযোগ করেন, গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর বিএনপির একাংশ ওসমান পরিবারের ব্যবসা প্রতিষ্ঠানের সুরক্ষা দিচ্ছে এবং অর্থের বিনিময়ে ত্বকী হত্যার বিচার বাধাগ্রস্ত করছে।

কর্মসূচিতে বক্তব্য দেন নারায়ণগঞ্জ-৪ আসনের এনসিপির সংসদ সদস্য অ্যাডভোকেট আবদুল্লাহ আল আমীন। তিনি বলেন, “স্বাধীনতার ৫৫ বছরেও দেশে স্বাধীন বিচার ব্যবস্থা প্রতিষ্ঠা হয়নি। অপরাধী বিচারের আওতায় না এলে সে রাষ্ট্রের শাসক হয়ে ওঠে; ত্বকীর ক্ষেত্রে তাই ঘটেছে।”

ত্বকীকে ‘শহীদ’ আখ্যা দিয়ে তিনি বলেন, “১৩ বছরেও ত্বকীর হত্যার বিচার না হওয়া রাষ্ট্রের চরিত্রকে প্রশ্নবিদ্ধ করে। আমরা ত্বকীসহ চব্বিশের অভ্যুত্থানে নিহত সব হত্যাকাণ্ডের বিচার চাই।”

নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি মনি সুপান্থর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দীনা তাজরিনের সঞ্চালনায় কর্মসূচিতে আরও বক্তব্য দেন শিশু সংগঠক রথীন চক্রবর্তী, সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের যুগ্ম আহ্বায়ক মাহবুবুর রহমান মাসুম, নাগরিক কমিটির সাধারণ সম্পাদক জাহিদুল হক দীপু।

২০১৩ সালের ৬ মার্চ শহরের শায়েস্তা খাঁ রোডের বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হন তানভীর মুহাম্মদ ত্বকী। দুদিন পর ৮ মার্চ শীতলক্ষ্যা নদীর কুমুদিনী খাল থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।