২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে প্রসবপূর্বে মায়েরা চিকিৎসা নেওয়ার ব্যাপারে ‘অসতর্ক’

গাজীপুর শিল্পাঞ্চল হওয়ায় ভাসমান মানুষ বেশি; মায়েরা নানা কারণে মাতৃত্বকালীন চিকিৎসা থেকে বঞ্চিত বলে মেরী স্টোপসের পর্যবেক্ষণে উঠে এসেছে।

গাজীপুরে প্রসবপূর্বে মায়েরা চিকিৎসা নেওয়ার ব্যাপারে ‘অসতর্ক’

গাজীপুর প্রেসক্লাবে মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য দেন মেরী স্টোপস ক্লিনিকের বোর্ড বাজার শাখার ব্যবস্থাপক আসিফ মাহমুদ।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2022, 09:47 PM

Updated : 20 Dec 2022, 09:47 PM

প্রসবের আগে মায়েরা ধারাবাহিক ও নিয়মিতভাবে চিকিৎসকের শরণাপন্ন হওয়ার ব্যাপারে অসতর্ক বলে গাজীপুরে কর্মরত একটি আন্তর্জাতিক সংস্থার পর্যবেক্ষণে উঠে এসেছে। 

মঙ্গলবার গাজীপুর প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় ‘মেরী স্টোপস বাংলাদেশ’ ওই তথ্য প্রকাশ করে। 

মেরী স্টোপস ক্লিনিকের দেওয়া চিকিৎসা সেবা এবং তাদের নিজস্ব পর্যবেক্ষণে গাজীপুরের প্রেক্ষাপটে এ চিত্র উঠে এসেছে বলে এই ক্লিনিকের গাজীপুর বোর্ড বাজার শাখার ব্যবস্থাপক আসিফ মাহমুদ জানান। 

মতবিনিময় সভায় আসিফ মাহমুদ বলেন, তাদের ক্লিনিকে প্রতি মাসে প্রসবকালীন চিকিৎসা নিতে আসা ১০০ মায়ের মধ্যে ৩৮ জনের স্বাভাবিক প্রসব এবং বিভিন্ন জটিলতার কারণে বাকি ৬২ জনের সিজারিয়ান অপারেশন করানো হয়। তাদের মধ্যে রোগীর জরায়ুতে টিউমার, বিস্তৃত গর্ভফুল, রক্তস্বল্পতা প্রভৃতি বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে। 

“এসব মা প্রসবের আগে ধারাবাহিক এবং নিয়মিত চিকিৎসকের শরণাপন্ন হওয়ার ব্যাপারে অসতর্ক এবং উদাসীন।” 

গাজীপুরে প্রশিক্ষিত দাইয়ের যথেষ্ট অভাব রয়েছে বলেও তিনি জানান। 

আসিফ মাহমুদ আরও বলেন, গাজীপুর শিল্পাঞ্চল হওয়ায় এখানে ভাসমান মানুষের বসবাস বেশি। পিক আওয়ারে ডাক্তারের কাছে যাওয়ার সুযোগ না থাকা, পোশাক কারখানায় চাকরি, তথ্য না জানাসহ নানা কারণে মাতৃত্বকালীন চিকিৎসার ব্যাপারে বঞ্চিত থাকে। 

পর্যবেক্ষণের বরাতে মাহমুদ বলেন, গাজীপুরে প্রসবকালীন অধিকাংশ মা মাতৃত্বকালীন চিকিৎসা সেবা নেওয়া থেকে বিরত থাকেন। এদের বেশিরভাগ নিজ নিজ বাড়ি বা দাইয়ের কাছে প্রসবচেষ্টায় ব্যর্থ হয়ে ক্লিনিকে আসেন। চিকিৎসা নেওয়ার ব্যাপারে অসচেতনতা ও অসাবধানতার কারণে এমনটি হয়ে থাকে। 

অন্যান্যের মধ্যে মেরী স্টোপস বাংলাদেশের ডিরেক্টর করপোরেট সার্ভিস জাহিদুল ইসলাম আনসারী, ক্লিনিক অপারেশন্স ম্যানেজার আসাদুজ্জামান, গাজীপুর প্রেসক্লাবের সভাপতি মাসুদুল হক, সাধারণ সম্পাদক মাহতাব উদ্দিন আহম্মদ, ডিরেক্টর এক্সটারনাল রিলেশন্স অ্যান্ড নিউ বিজনেস ডেভেলপমেন্ট ডা. ফারহানা আহমেদ, ডা. শারমীন খান, ডা. ইসমত জাহান নাদিয়া ও ডা. রেহানা সরদার বক্তব্য দেন। 

মতবিনিময় সভা সঞ্চালনা করেন সাংবাদিক শাহনাজ মুন্নী।