২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে কৃষকলীগকে কেন্দ্র পাহারা দিতে বললেন মায়া

“গণতান্ত্রিকভাবে সবাই নির্বাচনে অংশ নিতে পারে।“

গাজীপুরে কৃষকলীগকে কেন্দ্র পাহারা দিতে বললেন মায়া

গাজীপুরে আহসান উল্লাহ মাস্টারের স্মরণসভায় বক্তব্য দেন মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2023, 07:20 PM

Updated : 06 May 2023, 11:47 AM

বিএনপি নির্বাচন করতে দেবে না এমন অভিযোগ করে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে কেন্দ্র পাহারা দেওয়ার জন্য কৃষকলীগের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন।

তিনি বলেছেন, “বিএনপি বলছে, নির্বাচন করতে দেবে না। তাই কৃষকলীগকে সেন্টার পাহারা দিতে হবে। আল্লাহর রহমতে শেখ হাসিনার নৌকা, নূহ নবীর নৌকা, বঙ্গবন্ধুর নৌকা, এই নৌকাকে ঠেকানোর সাধ্য কারও নেই। যারা নির্বাচন বানচাল করার চেষ্টা করবে, তাদেরকে রাজপথেই মোকাবিলা করতে হবে।”

চোরা ও বাঁকা পথে এই দেশে আর ক্ষমতায় আসা যাবে না বলে উল্লেখ করে আওয়ামী লীগ নেতা বলেন, “ক্ষমতায় যেতে হলে নির্বাচনের মধ্যেই আসতে হবে, জনগণের ভোটের মাধ্যমেই আসতে হবে। যারা নির্বাচন বানচাল করতে চায় তাদের বিরুদ্ধে আমাদের সজাগ থাকতে হবে।”

বৃহস্পতিবার বিকালে গাজীপুর মহানগরীর চান্দনা এলাকায় সাগর সৈকত কনভেনশন হলে গাজীপুর মহানগর কৃষকলীগ আয়োজিত আহসান উল্লাহর ১৯তম শাহাদাৎ বার্ষিকীর স্মরণসভা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

স্মরণসভাটি নির্বাচনী সভায় পরিণত হয়। মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া ২৫ তারিখের নির্বাচনে নৌকার বিজয় সুনিশ্চিত করার আহ্বান জানান। তিনি সবাইকে ঘরে ঘরে গিয়ে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরার আহ্বান জানান।  

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর আলমের প্রসঙ্গে দলের সভাপতিমণ্ডলীর এই সদস্য বলেন, “গণতান্ত্রিকভাবে সবাই নির্বাচনে অংশ নিতে পারে। এগুলো নিয়ে আমাদের কোনো মাথাব্যথা নেই।“

গাজীপুর মহানগর কৃষকলীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, কৃষকলীগের সভাপতি সমীর চন্দ্র, সাবেক সংসদ সদস্য আখতারুজ্জামান।