২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নেত্রকোণায় ‘চুরির অপবাদে’ কিশোরের মাথা ন্যাড়া, আটক ২

নির্যাতনের শিকার কিশোরকে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

নেত্রকোণায় ‘চুরির অপবাদে’ কিশোরের মাথা ন্যাড়া, আটক ২

কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছে নির্যাতনের শিকার এক কিশোর।

নেত্রকোণা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2023, 12:39 AM

Updated : 12 Aug 2023, 12:39 AM

নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় চুরির অপবাদে সালিশে এক কিশোরকে নির্যাতনের পর মাথা ন্যাড়া ও জরিমানা আদায়ের অভিযোগ উঠেছে।

ঘটনায় জড়িত থাকার অভিযোগে স্থানীয় ইউনিয়ন পরিষদের এক সদস্যসহ দুইজনকে আটক করেছে পুলিশ।

বুধবার সকালে উপজেলার বলাইশিমুল ইউনিয়নের সরাপাড়া গ্রামের বাজারে ঘটনাটি ঘটে বলে কেন্দুয়া থানার ওসি আলী হোসেন জানান।

আটকরা হলেন- বলাইশিমুল ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য সবুজ মিয়া ও স্থানীয় মাতাব্বর আবু তাহের।

দুই দিন পর বিষয়টি জানতে পেরে শুক্রবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা, পুলিশ ও সাংবাদিকরা ঘটনাস্থল পরিদর্শন করেন।

ওই কিশোরের মা সাংবাদিকদের বলেন, “মঙ্গলবার রাত ১২টার দিকে এক আত্মীয়ের অসুস্থতার খবর নিতে মোবাইলে রিচার্জ করতে মিনিট কার্ড কেনার জন্য সরাপাড়া বাজারে ছেলেকে পাঠাই। কার্ড কেনার জন্য শাহীন মিয়ার দোকানে গিয়ে ডাকাডাকির সময় পেছন থেকে চা দোকানি মতিউর তাকে ঝাপটে ধরেন। পরে মতিউর বাজারের লোকজনকে ডেকে আনেন।

“পরে সবুজ মিয়া, সাবেক ইউপি সদস্য হাদিস মিয়া, আবু তাহেরসহ আরও কয়েকজন রাতভর ছেলেকে নির্যাতন করেন। আমার ছেলেকে খুন করে বস্তায় ভরে নদীতে ভাসিয়ে দেওয়ার হুমকি দিলে সে চুরির কথা  স্বীকার করতে বাধ্য হয়।”

পরদিন সকালে সবুজের সভাপতিত্বে ব্যবসায়ী ও গ্রামের মাতব্বররা বাজারে সালিশ বৈঠকে বসেন জানিয়ে কিশোরের মা বলেন, “বিচারের তারা আমার ছেলের মাথা ন্যাড়া, ১০টি বেত্রাঘাত ও দুই হাজার টাকা জরিমানা আদায় করেন।

“টাকার জন্য ছেলের চিকিৎসা করাতে পারছি না। দুঃখ, ক্ষোভ ও লজ্জায়   ছেলেটা কারও সঙ্গে কথা কয় না, ভাতও খায় না। আমি এই ঘটনার সঠিক বিচার চাই,”বলের কিশোরের মা।

পরে প্রশাসনের সহযোগিতা ওই কিশোরকে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ওই গ্রামের খোকন মিয়া বলেন, “আমি ঘটনার প্রতিবাদ করায় আমাকেও তারা শাসিয়েছে। ওই কিশোর আগে কখনো এমন ঘটনার সঙ্গে জড়িত ছিল না।”

বলাইশিমুল পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান বলেন, “বিষয়টি প্রথমে আমার জানা ছিল না। এলাকাবাসীর কাছ থেকে জানার পর থানায় যাই। আইনগত দিক থেকে যা যা করণীয় সব দিক থেকেই প্রশাসনের সঙ্গে সমন্বয় করছি।”

কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাবেরী জালাল বলেন, “বিষয়টি শোনার পর ওসিকে সঙ্গে নিয়ে আমি ঘটনাস্থলে যাই। আমরা সবসময় শিশু-কিশোরদের মানবিক দিক দিয়ে দেখি। ওই কিশোরকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।”

এ ঘটনায় যথাযথ আইনি ব্যবস্থা নিতে পুলিশকে নির্দেশ দেওয়ার কথা জানিয়েছেন ইউএনও।