সাতক্ষীরায় বাইক নিয়ে নির্মণাধীন সেতু থেকে পড়ে ২ তরুণ নিহত
নির্মাণাধীন সেতুটির এক প্রান্তে সংযোগ সড়ক থাকলেও অপর পাশে ছিল খাদ।
সাতক্ষীরায় মোটরসাইকেল নিয়ে নির্মাণাধীন সেতু থেকে খাদে পড়ে গিয়ে দুই আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরেক তরুণ।
বুধবার সকাল ৬টার দিকে আশাশুনি উপজেলার দরগাহপুরে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন আশাশুনি থানার ওসি বিশ্বজিত কুমার অধিকারী।
নিহতরা হলেন, কালিগঞ্জ উপজেলার তারালী ইউনিয়নের আমানিয়া গ্রামের নিরঞ্জন ঘোষের ছেলে নয়ন ঘোষ (১৮) ও জগন্নাথ ঘোষের ছেলে উইলিয়াম (১৮)। আহত হয়েছেন কর্নেল ঘোষ (১৮)। হতাহতরা সবাই স্বজন ও একই বাড়ির বাসিন্দা।
ওসি বিশ্বজিত জানান, নির্মাণাধীন সেতুটির এক প্রান্তে সংযোগ সড়ক থাকলেও অপর পাশে ছিল খাদ। সকালে তিন জন মোটরসাইকেল নিয়ে সেটি পার হচ্ছিলেন। এ সময় তারা সেতুটির অপর পাশের খাদে পড়ে যান। এতে ঘটনাস্থলেই দু’জন মারা যান। আরেকজন গুরুতর আহত হয়েছেন।
ওসি বিশ্বজিত বলেন, ধারণা করা হচ্ছে, সকালে ঘন কুয়াশা থাকায় তারা সেতুর শেষপ্রান্ত বা সেতুর পাশের বিকল্প সড়ক দেখতে পাননি।
নিহত দুজনের মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আহত তরুণ হাসপাতালে চিকিৎসাধীন। তার অবস্থাও আশঙ্কাজনক বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
উপজেলা স্থানীয় সরকার বিভাগের প্রকৌশলী নাজিম উল হক বলেন, সেতুটি নির্মাণ প্রকল্পের মেয়াদ প্রায় এক বছর আগে শেষ হওয়ায় আগেই তারা ঠিকাদারকে নোটিশ দিয়েছিলেন।
এর মধ্যে এ দুর্ঘটনার বিষয়টি শোনার পর ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়েও প্রস্তুতি চলছে বলে জানান এই প্রকৌশলী।
