লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত দুই, আহত ৪
আহতরা লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি আছেন।
লালমনিরহাট সদর উপজেলায় ট্রাকের সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষে দুজন নিহত হয়েছেন; আহত হয়েছেন আরও চারজন।
বুধবার বিকালে সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের বুড়িরবাজার এলাকায় এ ঘটনা ঘটে বলে লালমনিরহাট থানার ওসি এরশাদুল আলম জানান।
নিহতরা হলেন, কালীগঞ্জ উপজেলার চৌধুরীহাট জমিদারবাড়ি গ্রামের মোহাম্মদ আলীর ছেলে নবিউল ইসলাম (৩৫) ও সদর উপজেলার বড়বাড়ী ইউনিয়নের খেদাবাগ এলাকার মুজিবর রহমানের ছেলে রেজাউল ইসলাম (৪০)।
এ ছাড়া সদর উপজেলার নূর ইসলামের ছেলে বাদশা মিয়া (২৭), হাতীবান্ধা উপজেলার নূর ইসলামের ছেলে ওলিয়ার রহমান ও তার দুই মাসের শিশু সন্তানসহ চারজন আহত হন। তারা লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি আছেন।
প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানায়, সদর উপজেলার মহেন্দ্রনগর-বড়বাড়ী মহাসড়কের বুড়িরবাজার এলাকায় যাত্রীবাহী অটোরিকশাটিকে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক ধাক্কা দেয়। এতে রিকশাটি দুমড়েমুচড়ে রাস্তার পাশে পড়ে গেলে ঘটনাস্থলে এক যাত্রী মারা যান।
আহতদের লালমনিরহাট সদর হাসপাতালে নেওয়া হলে সেখানে মারা যান আরেকজন।
স্থানীয়রা ট্রাকটি আটক করতে পারলেও চালক পালিয়েছেন বলে সদর থানার ওসি এরশাদুল আলম জানান।
