টুঙ্গিপাড়ায় ক্লাস বর্জন করে ম্যাটস শিক্ষার্থীদের আন্দোলন
“দাবিগুলো মানলে ম্যাটস শিক্ষার্থীরা স্বাস্থ্য সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।”
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ইন্টার্নশিপ বহালসহ চার দফা দাবিতে ক্লাস বর্জন করে আন্দোলন করছেন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের (ম্যাটস) শিক্ষার্থীরা।
বুধবার বেলা ১১টায় প্রশাসনিক ভবনে তালা মেরে ক্যাম্পাসের মধ্যে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। এ সময় তারা সংক্ষিপ্ত সমাবেশও করেন।
তাদের দাবির মধ্যে রয়েছে- ইন্টার্নশিপ বহাল রাখা, অ্যালাইড হেলথ বোর্ড বাতিল করে 'মেডিকেল এডুকেশন বোর্ড অব বাংলাদেশ' নামে স্বতন্ত্র বোর্ড গঠন, কর্মসংস্থান সৃষ্টি ও দ্রুত নিয়োগ প্রদান এবং বঙ্গবন্ধুর পঞ্চম বার্ষিকী পরিকল্পনা অনুযায়ী উচ্চশিক্ষার সুযোগ দেওয়া।
সমাবেশে বক্তব্য দেন টুঙ্গিপাড়া মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের শিক্ষার্থী সালাউদ্দিন আহমেদ, মাসুম বিল্লাহ, হাসিবুল হোসেন শান্ত, মাহমুদুল হাসান হৃদয়, আয়েশা নুদ্রাত রিদিকা, নিশিতা পাল, নাফিসা মুমতাজ।
এ সময় দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সালাউদ্দিন আহমেদ বলেন, “সম্প্রতি আমাদের বাস্তবিক প্রশিক্ষণ তথা ইন্টার্নশিপ বাতিল করা হয়েছে। যা আমাদের দক্ষ মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হিসেবে গড়ে উঠার ক্ষেত্রে প্রতিবন্ধকতা। তাই ইন্টার্নশিপ বহালের দাবিতে আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছি।”
দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী নিশিতা পাল বলেন, “আমাদের চার দফা দাবি যৌক্তিক। এই দাবি মানলে কারো কোনো ক্ষতি হবে না। দাবিগুলো মানলে ম্যাটস শিক্ষার্থীরা স্বাস্থ্য সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।”
প্রথম বর্ষের শিক্ষার্থী নাফিসা মুমতাজ বলেন, “জেলা, উপজেলা, ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে ২০ হাজারের বেশি মেডিকেল অ্যাসিস্ট্যান্ট পদ খালি রয়েছে। কিন্তু প্রায় এক যুগ ধরে কোনো নিয়োগ নেই। তাই এই পদে দ্রুত নিয়োগ দিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করি।”
দ্বিতীয় বর্ষের আরেক শিক্ষার্থী হাসিবুল হোসেন শান্ত বলেন, “মানুষের দোরগোড়ায় স্বল্প খরচে চিকিৎসা সেবা পৌঁছে দিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৩ সালে ম্যাটস প্রতিষ্ঠার কথা বলেছিলেন। সেখানে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ দেওয়ার কথা বলা হয়েছিল। কিন্তু ৪০ বছর পরেও মেলেনি উচ্চশিক্ষার সুযোগ।”
এ বিষয়ে জানতে টুঙ্গিপাড়া মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের অধ্যক্ষ প্রেমানন্দ মণ্ডলের মোবাইলে ফোন করা হলে সেটি বন্ধ পাওয়া যায়।
