বগুড়ায় থানার সামনে কলেজ শিক্ষক খুন, যুবক আটক
এ ঘটনায় দুই পুলিশ সদস্যসহ তিনজন আহত হয়েছেন।
বগুড়া সদর থানার সামনে ছুরিকাঘাতে অবসরপ্রাপ্ত এক কলেজ শিক্ষক নিহত হয়েছেন৷ এ ঘটনায় এক যুবককে আটক করেছে পুলিশ।
শুক্রবার রাত পৌনে ১২টার দিকে এ ঘটনা ঘটে বলে জেলা পুলিশের (সদর সার্কেল) অতিরিক্ত পুলিশ সুপার শরাফত ইসলাম জানান।
নিহত রেজাউল করিম পান্না বগুড়া সরকারি আজিজুল হক কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপনা থেকে অবসর নিয়েছিলেন।
এ ঘটনায় দুই পুলিশ সদস্যসহ তিনজন আহত হয়েছেন।
আটক মেন্দি খায়রুল বগুড়া শহরের ফুলবাড়ি এলাকার বাসিন্দা।
অতিরিক্ত পুলিশ সুপার বলেন, “থানার মোড়ে মেন্দি নামের ওই যুবক কলেজ শিক্ষক পান্নাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন। এতে বাধা দিতে গেলে দুই পুলিশ সদস্য ও এক পথচারী আহত হন।”
পরে আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওই কলেজ শিক্ষকের মৃত্যু হয়।
তিনি আরও জানান, আটক মেন্দি জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে তিনি ওই শিক্ষককে ছুরিকাঘাত করেছেন।
