গাজীপুরে বকেয়া আদায়ে ডিসি কার্যালয়ে দিনভর অবস্থান তৈরি পোশাক কর্মীদের
স্টাইল ক্রাফট কারখানার কোয়ালিটি ইন্সপেক্টর মো. রিয়াজ উদ্দিন বলেন, একাধিকবার কর্তৃপক্ষ আশ্বাস দিলেও বেতন ও ঈদের বোনাস না পাওয়ায় শ্রমিকদের মধ্যে অসন্তোষ দেখা দেয়।
গাজীপুরে একাধিক পোশাক কারখানার কর্মীরা বেতনসহ দাবি আদায়ে দিনভর গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বিক্ষোভ করেছেন।
বৃহস্পতিবার সকালে থেকে তারা ডিসি কার্যালয় চত্বরে জড়ো হয়ে অবস্থান নেন। পরে বিকালে দাবি-দাওয়ার বিষয়ে জেলা প্রশাসক আশ্বস্ত করলে বিক্ষোভ ও অবস্থান থেকে শ্রমিকরা সরে আসেন।
গাজীপুর শহরের তিন সড়ক এলাকার ‘স্টাইল ক্রাফট’ নামের পোশাক কারখানার শ্রমিকরা জুন-জুলাই মাসের বেতন ও গত ঈদের বোনাসের দাবিতে এবং গাজীপুর সদর উপজেলার গজারিয়া পাড়া এলাকার লে-অফ হওয়া ‘প্যানাস নিটেড ক্রিয়েসন্স লিমিটেড’ নামের কারখানার শ্রমিকরা সার্ভিস বেনিফিটের দাবিতে আন্দোলন করে আসছেন।
কারখানা কর্তৃপক্ষ কর্মীদের বকেয়া পরিশোধে আশ্বাস দিলেও তা পূরণ না হওয়ায় কর্মীরা বৃহস্পতিবার গাজীপুর জেলা প্রশাসকের কাছে যান। সন্ধ্যা পর্যন্ত সেখানে অবস্থান নিয়ে তাদের বিক্ষোভ করতে দেখা গেছে।
স্টাইল ক্রাফট কারখানার কোয়ালিটি ইন্সপেক্টর মো. রিয়াজ উদ্দিন বলেন, একাধিকবার কর্তৃপক্ষ আশ্বাস দিলেও জুন মাস ও গত ঈদের বোনাস না পাওয়ায় শ্রমিকদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। জুলাই মাসও শেষ হয়ে গেছে।
তাদের পাওনাদি নিয়ে গত ২৬ জুলাই কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরে মালিকপক্ষের সঙ্গে শ্রমিকদের সমঝোতা চুক্তি হয়। চুক্তি অনুযায়ী ১ অগাস্ট তাদের বেতন পরিশোধ করার কথা ছিল। কিন্তু মালিক ওইদিন কর্মীদের বকেয়া বেতন ও ঈদ বোনাস পরিশোধ না করে কারখানা থেকে চলে যায়। কাউকে না পেয়ে ১ অগাস্ট কর্মীরা অসন্তুষ্ট হয়ে বাড়ি ফেরেন।
কিন্তু পরদিন (বুধবার) সকালে কর্মস্থলে গিয়ে কর্মীরা গেইটে কারখানা বন্ধের নোটিশ দেখতে পান। বকেয়া পরিশোধ না করে ও কাউকে কিছু না জানিয়ে কারখানা বন্ধের নোটিশ দেওয়ায় ক্ষুব্ধ শ্রমিকরা আন্দোলনে নামেন। তারা ঢাকা-জয়দেবপুর আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। পরে মহানগর ও শিল্প পুলিশ গিয়ে তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে কারখানা চত্বরে পাঠায়।
গাজীপুরের জেলা প্রশাসক আশ্বাস দিলে কর্মীরা আন্দোলন থেকে সরেন। পরে বৃহস্পতিবার সকালে শত শত কর্মী জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে হাজির হন।
এ ছাড়া গত ২৭ ফেব্রুয়ারি লে-অফ হওয়া ‘প্যানাস নিটেড ক্রিয়েসন্স লিমিটেড’ কর্তৃপক্ষ তাদের কর্মীদের একাধিকবার আশ্বাস দিলেও সার্ভিস বেনিফিট না দেওয়ায় আন্দোলন করছিলেন কর্মীরা।
বৃহস্পতিবার সকাল থেকে তারাও পাওনার জন্য জেলা প্রশাসকের কার্যালয়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন।
এ অব্স্থায় জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম তার সম্মেলন কক্ষে আঞ্চলিক ক্রাইসিস প্রতিরোধ কমিটির সভা ডেকে কর্মীদের দাবি-দাওয়া নিয়ে কারখানা ও শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেন।
জেলা প্রশাসক জানান, কারখানা কর্তৃপক্ষ ও শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে স্টাইল ক্রাফট কারখানার শ্রমিকদের ১৭ অগাস্ট জুন মাসের, ২০ অগাস্ট ঈদ বোনাস এবং ৩০ অগাস্ট জুলাই মাসের বকেয়া বেতন দেওয়ার সিদ্ধান্ত হয়। পরে বিষয়টি জানানো হলে শ্রমিকরা তাদের অবস্থান থেকে সরেন।
প্যানাস নিটেড ক্রিয়েসন্স লিমিটেডের বিষয়ে জেলা প্রশাসক জানান, এর কর্মীদের দাবির বিষয়ে কলকারখানা অধিদপ্তর খতিয়ে দেখবে। রোববার ওই কারখানা মালিকের সঙ্গে আলোচনা করে ২২ অগাস্ট তাদের কর্মীদের পাওনা পরিশোধের বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।
সভায় জেলা প্রশাসক কারখানা কর্তৃপক্ষের সঙ্গে বসার জন্য আগামী রোববার তারিখ নির্ধারণ করে দেওয়ায় প্যানাসের কর্মীরা তাদের অবস্থান থেকে সরে আসেন বলে জানান কারখানাটির শ্রমিক নেতা মো. তোফাজ্জল হোসেন ও মো. রফিকুল ইসলাম।
কর্মীদের বেতন-বোনাস ও দাবি-দাওয়া নিয়ে কথা বলতে গিয়ে রেডিমেড গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক ও মিরপুর আঞ্চলিক কমিটির সভাপতি রুপালি খাতুন বলেন, কয়েক দফা লে অফ ঘোষণা ও শ্রমিকদের সার্ভিস বেনিফিট প্রদানের আশ্বাস দিলেও তা না পাওয়ায় শ্রমিকরা বিজিএমইএ এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরে সমঝোতা বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী সার্ভিস বেনিফিট প্রদান না করায় কর্মীরা আন্দোলন করছেন।
আরও পড়ুন:
